প্রকাশিত: ২৬ জুলাই, ২০২৬ ১৭:৩৪
সুনামগঞ্জ পৌর শহরের উকিলপাড়া ব্যবসায়ী সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১টায় শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সদস্যরা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
অনুষ্ঠানে ব্যবসায়ীদের মধ্যে ঐক্য, পারস্পরিক সহযোগিতা, বাজারের শৃঙ্খলা বজায় রাখা, ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করা ও চুরি রোধে সিসি ক্যামেরা স্থাপনের ওপর গুরুত্বারোপ করা হয়। উকিলপাড়া ব্যবসায়ী সমিতির সভাপতি জহুর মিয়া’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ। স্বাগত বক্তব্য রাখেন সমিতির সদস্য মাইন উদ্দিন খন্দকার রাসেল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ব্যবসায়ী সমিতির সভাপতি আলী খুশনুর, সাধারণ সম্পাদক জাহিদ হাসান, উকিলপাড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাকির হোসেন শাহিন, সাবেক কাউন্সিলর চঞ্চল কুমার লৌহ, উকিলপাড়া জামে মসজিদের ইমাম মুফতি সালমান আহমেদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উকিলপাড়া ব্যবসায়ী সমিতির সহ সাধারণ সম্পাদক সবুজ চন্দ্র সরকার।
এসময় বক্তারা বলেন, ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা, বাজারে শৃঙ্খলা বজায় রাখা এবং ভোক্তাদের মানসম্মত সেবা নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করতে হবে। এছাড়াও নবগঠিত কমিটির প্রতি ব্যবসায়ীদের প্রত্যাশা পূরণে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়। শেষে নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
উপজেলার খবর থেকে আরো পড়ুন