প্রকাশিত: ২৬ জুলাই, ২০২৬ ২০:৫৪
৩ সন্তানের জনক আটক
-ছবি. সুখবর
সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের বুড়িস্থল এলাকায় প্রথম শ্রেণির এক শিক্ষার্থী (৫) কে ধর্ষণচেষ্টার অভিযোগে তিন সন্তানের জনক সাইফুল হক (২৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশ। বিকেলে ওই যুবককে আটক করা হয়। এ রিপোর্ট লেখার সময় (সন্ধ্যা সাড়ে সাতটা) এই ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। রোববার দুপুরে এই ঘটনা ঘটে।
আটক সাইফুল হকের গ্রামের বাড়ি নতুন হাসননগর এলাকায়। বর্তমানে তিনি মোল্লাপাড়া ইউনিয়নের বাদে সাদকপুর এলাকায় বসবাস করেন।
পুলিশ জানায়, স্কুল ছুটি শেষে শিশুটি বাড়ি ফেরার পথে অভিযুক্ত সাইফুল হক তাকে ডেকে নিজের বাড়িতে নিয়ে যায়। সেখানে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ ওঠে। শিশুর চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে গিয়ে তাকে উদ্ধার করেন এবং অভিযুক্তকে আটক করে পুলিশে খবর দেন।
সংবাদ পেয়ে সুনামগঞ্জ সদর থানার পুলিশ জনতার হাতে আটক অভিযুক্তকে হেফাজতে নেয়। এ সময় গণপিটুনিতে আহত হওয়ায় অভিযুক্তকে সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। একইসঙ্গে ভুক্তভোগী শিশুকেও স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়।
সুনামগঞ্জ সদর থানার ওসি রতন শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে সন্ধ্যায় জানান, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে হেফাজতে নিয়েছে। ভুক্তভোগী শিশুর চিকিৎসা ও প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা হচ্ছে। এ ঘটনায় শিশুটির বাবা থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়ায় রয়েছেন। মামলা গ্রহণের পর তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলার খবর থেকে আরো পড়ুন