‘১৮১৮ ইস্ট ইন্ডিয়া কোম্পানি’  খোদাই করা পিলার উদ্ধার

প্রকাশিত: ২৬ জুলাই, ২০২৬ ১৮:৪১

শাল্লা উপজেলার দৌলতপুর গ্রাম

সু.খবর ছবি

শাল্লা উপজেলায় ‘১৮১৮ ইস্ট ইন্ডিয়া কোম্পানি’ খোদাই করা রহস্যময় একটি লোহাজাতীয় সীমান্ত পিলার উদ্ধার করা হয়েছে। উপজেলার ১ নম্বর আটগাঁও ইউনিয়নের দৌলতপুর গ্রামের রূপ মিয়া ওরফে রুক্কিয়ার (৫০) বসতবাড়ির উঠানের পতিত জমি থেকে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ পিলারটি জব্দ করে। বস্তুটির একপাশে বিচ্ছিন্ন দুটি তারের সংযোগও রয়েছে।

 


পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার (২৫ জুলাই) রাত আনুমানিক ১১টার দিকে রূপ মিয়ার বাড়ির আঙিনায় কতিপয় ব্যক্তি অবৈধ কেনাবেচায় লিপ্ত রয়েছে— এমন খবরের ভিত্তিতে জিয়াউর রহমান ও নয়ন মিয়ার নেতৃত্বে স্থানীয় একদল যুবক সেখানে অভিযান চালায়। যুবকদের উপস্থিতি টের পেয়ে রূপ মিয়াসহ তার সহযোগীরা পালিয়ে যায়। পরে সেখানে তল্লাশি চালিয়ে এই লোহাজাতীয় পিলারটি উদ্ধার করা হয়।

 


নিরাপত্তার স্বার্থে রাতেই পিলারটি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি হেকিম মিয়ার জিম্মায় রাখা হয় এবং শাল্লা থানা—পুলিশকে অবহিত করা হয়। রবিবার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টায় পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে সেটি জব্দ তালিকাভুক্ত করে থানায় নিয়ে আসে।

 


স্থানীয় বাসিন্দাদের মতে, রূপ মিয়া এলাকায় চিহ্নিত মাদক কারবারি হিসেবে পরিচিত। প্রাথমিক ধারণা করা হচ্ছে, মাদকের পাশাপাশি সে বা তার দল এই কথিত মূল্যবান ম্যাগনেট পিলার’ট বিপুল অঙ্কের টাকায় কেনাবেচা বা পাচারের পাঁচতারা করছিল।


এদিকে লোহাজাতীয় এই বস্তুটিকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও নানা কৌতুহলের সৃষ্টি হয়েছে। কেউ এটিকে ব্রিটিশ আমলের সীমানা নির্ধারণী কিংবা কথিত অলৌকিক ‘ম্যাগনেট’ পিলার বলছেন, আবার কেউ এটি ভারতীয় সীমানা প্রাচীরের অংশ বলে ধারণা করছেন।
আটগাঁও ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য নুরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রূপ মিয়ার বাড়ি থেকে পিলারটি উদ্ধারের পর রাতেই পুলিশকে জানানো হয়। পরদিন সকালে পুলিশ এসে এটি থানায় নিয়ে গেছে।

 


শাল্লা থানার ওসি সাময়িক দায়িত্বে থাকা মো. শওকত আলী বলেন, অভিযান চালিয়ে ‘১৮১৮ ইস্ট ইন্ডিয়া কোম্পানি’ লেখা পিলার জাতীয় লোহার বস্তুটি পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। অসাধু চক্র যাতে এটি নিয়ে কোনো ধরনের অবৈধ কেনাবেচা বা প্রতারণা করতে না পারে, সে লক্ষ্যে এটি জব্দ করে আইনগত প্রক্রিয়া চালানো হচ্ছে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার