প্রকাশিত: ২৬ জুলাই, ২০২৬ ১৯:০১
প্রতিবাদে বরইউড়ি মাদ্রাসার শিক্ষক—শিক্ষার্থীদের বিক্ষোভ
সংগৃহীত ছবি
দোয়ারাবাজার উপজেলার বরইউড়ি দারুস সুন্নাত বহুমুখী আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুল আজিজকে ফোনে অশালীন ভাষায় গালিগালাজ ও হাত কেটে ফেলার হুমকির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। অভিযুক্ত সাবেক অধ্যক্ষের দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবিতে মানববন্ধন করেন প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় এলাকাবাসী।রবিবার বেলা ১১টায় মাদ্রাসা প্রাঙ্গণ ও প্রধান ফটকের সামনে ‘সাবেক ও বর্তমান শিক্ষক—শিক্ষার্থী, গভর্নিং বডি এবং এলাকাবাসী’—এর ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, প্রতিষ্ঠানের সাবেক অধ্যক্ষ এ. এফ. এম. সৈয়দ হোসেন সম্প্রতি বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুল আজিজকে মোবাইল ফোনে কল দিয়ে চরম অশালীন ভাষায় গালিগালাজ করেন এবং তাঁর হাত কেটে ফেলার প্রত্যক্ষ হুমকি দেন। শিক্ষাপ্রতিষ্ঠানের একজন সাবেক প্রধানের কাছ থেকে এমন অশিক্ষকসুলভ আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই ঘটনায় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে চরম আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
বক্তারা অবিলম্বে অভিযুক্ত সাবেক অধ্যক্ষ এ. এফ. এম. সৈয়দ হোসেনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণসহ তাকে দ্রুত গ্রেপ্তারের জোর দাবি জানান। একই সাথে মাদ্রাসার শিক্ষার পরিবেশ স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখতে স্থানীয় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধনে বক্তব্য প্রদান করেন ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল মালেক, আব্দুর রহমান, তাজুল ইসলাম ও গিয়াস উদ্দিন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি আছির উদ্দিন মেম্বার ও আব্দুল গফুর, সাবেক শিক্ষার্থী হারুন মিয়া ও মইনুল হাসান, বর্তমান শিক্ষার্থী ফাতেমা আক্তার, স্বর্ণা আক্তার, নাইমা আক্তার, সুয়াইব আহমদ, জুবায়ের হোসাইন ও সোলাইমান আহমদ।কর্মসূচিতে প্রতিষ্ঠানের শিক্ষক—শিক্ষিকা, গভর্নিং বডির সদস্যসহ স্থানীয় সর্বস্তরের বিপুলসংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন।
অভিযোগের বিষয়ে প্রতিষ্ঠানের সাবেক অধ্যক্ষ এ. এফ. এম. সৈয়দ হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া যায়। এছাড়াও তিনি এলাকায় উপস্থিত না থাকায় তাঁর কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
উপজেলার খবর থেকে আরো পড়ুন