প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৬ ১৭:৪১
সু.খবর ছবি
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও—পোড়াও, দেশবিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে শাল্লায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এই কর্মসূচি পালিত হয়।
এর আগে সকাল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে কলেজ রোডস্থ উপজেলা বিএনপির নিজস্ব কার্যালয়ে জড়ো হন। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুরাতন উপজেলা পরিষদ ভবন প্রাঙ্গণে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক আব্দুল আওয়ালের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক আব্দুল করিমের সঞ্চালনায় সমাবেশে নেতাকর্মীরা বক্তব্য দেন। বক্তারা বলেন, আওয়ামী লীগের দীর্ঘদিনের স্বৈরাচারী শাসন, দমন—পীড়ন ও নানা অপকর্মের বিরুদ্ধে দেশের মানুষ রাজপথে নেমেছিল। গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে বাধাগ্রস্ত করতে আওয়ামী লীগ আবারও বিভিন্ন ষড়যন্ত্র ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। এসব অপতৎপরতার বিরুদ্ধে সবাইকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, দেশের স্বাধীনতা—সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় বিএনপি এবং অঙ্গও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছে। কোনো ধরনের ষড়যন্ত্র ও বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে দেওয়া হবে না। নেতারা দাবি করেন, জনগণ যে দলটিকে বিতাড়িত করেছে, তারা আর ফিরে আসতে পারবে না এবং নতুন করে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে দেশের মানুষ তা রুখে দেবে। ১৭ বছর আন্দোলন—সংগ্রাম, জেল—জুলুম ও নিপীড়নের মধ্য দিয়ে বিএনপি পরীক্ষিত দল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে বলেও উল্লেখ করেন বক্তারা।
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আব্দুল মজিদ, উপজেলা বিএনপির সদস্য সাইফুর রহমান, ১ নম্বর আটগাঁও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জুনেদ তালুকদার, ২ নম্বর হবিবপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলামিন মিয়া, ৩ নম্বর বাহাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাঈদ হোসেন সাগর, ৪ নম্বর শাল্লা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবু সাঈদ, উপজেলা কৃকদলের সদস্য সচিব হাবিবুর রহমান হাবুল, যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম ও একরামুল হোসেন।
এ ছাড়া বক্তব্য দেন উপজেলা যুবদলের সদস্য সচিব রুবেল আহমেদ দুলাল, যুবদল নেতা এইচ এম এরশাদ, স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নুরুল আমিন, সদস্য সচিব ব্রজেশ রঞ্জন চৌধুরী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তারেক হাসান মুন্না ও যুগ্ম আহ্বায়ক রোমান আহমেদ।
সমাবেশে উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল ও ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উপজেলার খবর থেকে আরো পড়ুন