প্রকাশিত: ২৭ জুলাই, ২০২৬ ২০:০৫
সু.খবর ছবি
জগন্নাথপুরে মা ও শিশুদের সামাজিক সুরক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে কেয়ার বাংলাদেশের আয়োজনে ও ‘দ্য চার্চ অব জেসাস ক্রাইস্ট অব ল্যাটার—ডে সেন্টস’র সহযোগিতায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কৃপেশ রঞ্জন রায়ের সভাপতিত্বে কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহসীন উদ্দিন, জাতীয় পুষ্টি পরিষদের ডেপুটি ডিরেক্টর ডা. রওনক জাহান, কৃষি কর্মকর্তা মো. কাওসার আহমেদ, কেয়ার বাংলাদেশের টিম লিডার মোহাম্মদ হাফিজুল ইসলাম ও জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি তাজউদ্দিন আহমদ প্রমুখ ।
কর্মশালায় জানানো হয়, উপজেলায় দারিদ্র্যসীমার নিচে থাকা ৭৬,৩৫৩ জন মানুষের পুষ্টি নিরাপত্তায় ইতোমধ্যে ৬৫৭ জন শিশুকে 'পুষ্টিকণা' দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে ২,০০০ শিশুকে এই সেবার আওতায় আনা হবে। এছাড়া স্থানীয় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও মায়েদের সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে যুক্ত করার আহ্বান জানানো হয়।
সভায় বক্তারা হাওরাঞ্চলের গর্ভবতী মা ও শিশুদের পুষ্টি নিশ্চিত করতে ক্ষুদ্র—পুষ্টি উপাদান ও পুষ্টিকর গুঁড়োর ব্যবহার বাড়ানোর তাগিদ দেন। তারা জিংক সমৃদ্ধ ধান চাষ, নারীদের 'পুষ্টি উদ্যোক্তা' হিসেবে গড়ে তোলা এবং জলবায়ু—সহনশীল কৃষি ও নিরাপদ স্যানিটেশনব্যবস্থা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
উপজেলার খবর থেকে আরো পড়ুন