হাছননগর রোডের সংস্কার কাজ শুরু

প্রকাশিত: ২৮ জুলাই, ২০২৬ ১৯:৪৫

সু.খবর ছবি

সুনামগঞ্জ পৌর শহরের হাছননগর রোডের দীর্ঘদিনের জরাজীর্ণ ও ভাঙা অংশের সংস্কার কাজ অবশেষে শুরু হয়েছে। মঙ্গলবার দুপুরে সড়কটির সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সুনামগঞ্জ পৌরসভার প্রশাসক অসীম চন্দ্র বণিক। উদ্বোধনী অনুষ্ঠানে পৌরসভার সহকারী প্রকৌশলী আশরাফুল ইসলাম কয়েসসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 


পৌরসভা সূত্রে জানা গেছে, হাছননগর রোডের স্থানীয় মাদ্রাসার সামনের অংশে প্রায় ৪ মিটার প্রস্থ ও ৭৭ মিটার দৈর্ঘ্য বিশিষ্ট গুরুত্বপূর্ণ স্থানটিতে সংস্কার কাজ পরিচালিত হচ্ছে। এই কাজে প্রায় ১২ লাখ টাকা ব্যয়ে হচ্ছে।

 


উদ্বোধনকালে পৌরসভার নির্বাহী প্রকৌশলী কালী কৃষ্ণ পাল বলেন, হাছননগর রোডের মূল ভাঙা অংশটি টেকসই কাস্টিংয়ের মাধ্যমে মেরামত করা হচ্ছে। এর ফলে দীর্ঘদিনের যাতায়াত সমস্যার স্থায়ী সমাধান হবে। বর্ষা ও অতিবৃষ্টির কারণে শহরের যেসব সড়কে খানাখন্দ তৈরি হয়েছে, সেগুলোও পর্যায়ক্রমে মেরামত করা হবে।

 


নির্বাহী প্রকৌশলী আরও জানান, অতিবৃষ্টির কারণে শহরের ডিএস রোড, হাসপাতাল সড়ক, দক্ষিণ নতুনপাড়া থেকে হাজীপাড়া রোড, কাজির পয়েন্ট, উকিলপাড়া, বক পয়েন্ট ও নবীনগরসহ বিভিন্ন এলাকার কার্পেটিং ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃষ্টি কমলেই এসব সড়কের গর্ত পূরণের কাজ শুরু হবে এবং আগামী মাসের মধ্যেই পৌর এলাকার সব ভাঙা সড়কের সংস্কার কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

 


এছাড়াও পৌরসভার বিভিন্ন শাখা সড়কের সংস্কারে প্রায় ১ কোটি থেকে দেড় কোটি টাকার কাজের দরপত্র (টেন্ডার) আহ্বান করা হয়েছে, যা বাস্তবায়ন হলে পৌরবাসীর সড়ক দুর্ভোগ ও জলাবদ্ধতা অনেকটাই লাঘব হবে বলে জানান তিনি।
গুরুত্বপূর্ণ এই সড়কটির কাজ শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন পথচারী ও স্থানীয় বাসিন্দারা। ফার্মেসি ব্যবসায়ী আব্দুর বাটফার বলেন, এটি কেবল ৩ নম্বর ওয়ার্ডের মানুষের যাতায়াতের পথ নয়; মোল্লাপাড়া, কুরবাননগর ইউনিয়নসহ পার্শ্ববর্তী এলাকার হাজার হাজার মানুষের মূল পথ। এতদিন বেহাল দশায় চরম দুর্ভোগ পোহাতে হয়েছে, তাই সংস্কার কাজ শুরু হওয়ায় আমরা আনন্দিত। পাশাপাশি হাছননগর থেকে বেতগঞ্জ বাজার পর্যন্ত বাকি ভাঙা অংশের কাজ করার জোর দাবি জানাচ্ছি।

 


স্থানীয় বাসিন্দা মো. সেজুল ও মোহাম্মদ শাহাব উদ্দীন বলেন, এ সড়ক দিয়ে প্রতিদিন স্কুল—কলেজের শিক্ষার্থী ছাড়াও মাদ্রাসা, মসজিদ ও ঈদগাহে হাজার হাজার মুসল্লি যাতায়াত করেন। কাজ শুরু করায় পৌর প্রশাসনকে ধন্যবাদ জানাই। পাশাপাশি স্থানীয় কবরস্থানে যাওয়ার রাস্তা সংস্কার ও ঈদগাহের উন্নয়ন কাজ দ্রুত বাস্তবায়নের অনুরোধ করছি।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার