প্রকাশিত: ২৮ জুলাই, ২০২৬ ২৩:৪২
ছাতকে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিইডিবি’র) বিদ্যুতের ট্রান্সফরমার স্থাপনকে কেন্দ্র করে সিলেট—সুনামগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল হয়েছে। সোমবার রাতে উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের আলমপুর—মাঞ্জিয়ারা গ্রামের লোকজন রাস্থায় নেমে সড়ক অবরোধ করে। একই বিষয়ে বিদ্যুতের নামে চাঁদাবাজির অভিযোগে গোবিন্দগঞ্জ এলাকায় আনোয়ার হোসেন রনি নামে এক গণমাধ্যমকর্মীকে গণপিটুনি দিয়ে রাতেই থানায় একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের মাঞ্জিয়ারা গ্রামের পিইডিবি’র একটি বিদ্যুৎ ট্রান্সফরমার স্থাপনের কাজ শুরু করতে যান সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ সময় স্থানীয় সাংবাদিক পরিচয়ধারী আনোয়ার হোসেন রনি ট্রান্সফরমার স্থাপনে বাধা দেন বলে অভিযোগ উঠে। স্থানীয়দের দাবি, ট্রান্সফরমার স্থাপনের অনুমতি দিতে তিনি ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন রাত ৮টার পর গোবিন্দগঞ্জ কলেজগেট এলাকায় জড়ো হতে থাকেন। এ বিষয়ে আলোচনা ক্রমে মিমাংসা করার শেষ পর্যায়ে আনোয়ার হোসেন রনি উপস্থিত লোকজনকে গালিগালাজ ও হুমকি দিলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দেয়। পরে ট্রান্সফরমার স্থাপনের দাবিতে দুটি গ্রামে কয়েক শতাধিক লোকজন সিলেট—সুনামগঞ্জ মহাসড়কের স্থানীয় বুড়াইরগাঁও বাজার এলাকায় সড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন। এতে সড়কের উভয় পাশেই তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার (ছাতক—দোয়ারাবাজার সার্কেল) শেখ মোরছালিন ঘটনাস্থলে পৌঁছে বিক্ষুব্ধ জনতার সাথে আলোচনা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে অবরোধ তুলে নিলে ওই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। এই ঘটনায় রাতেই আলমপুর গ্রামের বাসিন্দা আব্দুল আউয়াল বাদী হয়ে আনোয়ার হোসেন রনির বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে অভিযোগের বিষয়ে আনোয়ার হোসেন রনির কোন বক্তব্য পাওয়া যায়নি।
(পিইডিবি’র) বিদ্যুৎ বিতরণ ও সরবরাহ ছাতক শাখার নির্বাহী প্রকৌশলী (ভারপ্রাপ্ত) নুর মোহাম্মদ তারেক বলেন, আমাদের হাতে ট্রান্সফরমার না থাকায় এটির সংযোগ দিতে বিলম্ব হয়েছে। মঙ্গলবার সকাল থেকে ওই এলাকায় ট্রান্সফরমার সংযোগের কাজ চলছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ঝলক মোহন্ত লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে বিস্তারিত তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলার খবর থেকে আরো পড়ুন