প্রকাশিত: ৩১ জুলাই, ২০২৬ ২৩:৩২
মরদেহ উদ্ধার -প্রতীকী ছবি।
সুনামগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের জলিলপুর (শ্রীপুর) এলাকায় সুরমা নদী থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে মরদেহ উদ্ধার করা হয়। নিহতের বয়স আনুমানিক ৩০ থেকে ৪০ বছর।
পুলিশ সূত্রে জানা গেছে, দুপুর ১২টা ১০ মিনিটের দিকে জলিলপুর এলাকার সুরমা নদীর পূর্ব তীরে পানিতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। মৃত ব্যক্তির গলায় গামছাসদৃশ কাপড় প্যাঁচানো ছিল। এছাড়া তার বুকে ও পিঠে লালচে দাগ রয়েছে। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করেও মরদেহটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহের পরিচয় নিশ্চিত করতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সিলেটকে অবহিত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন সেখ বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় নদী থেকে মরদেহ উদ্ধার করে। পরিচয় শনাক্তের জন্য পিবিআইকে অবহিত করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলছে।
উপজেলার খবর থেকে আরো পড়ুন