প্র্যাকটিসে গিয়ে হামলার শিকার কিশোরী ফুটবলার

প্রকাশিত: ৩১ জুলাই, ২০২৬ ২৩:৪৪

দিরাই উপজেলায় জেলা মহিলা দলের এক কিশোরী ফুটবলারকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আহত ফুটবলারের নাম বনফুল আক্তার (১২)। তিনি উপজেলার চরনারচর ইউনিয়নের পেরুয়া গ্রামের তৈয়ব আলীর মেয়ে। 

 


শুক্রবার ভোরে উপজেলার শ্যামারচর এলাকার পেরুয়া গ্রামে এই ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে দিরাই সরকারি হাসপাতালে নিয়ে যান।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শুক্রবার ভোর প্রায় ৫টার দিকে বাড়ির সামনে অনুশীলন (প্র্যাকটিস) করছিল বনফুল। এ সময় পূর্ব বিরোধের জেরে একই এলাকার কয়েকজন নারী—পুরুষ তার ওপর অতর্কিত হামলা চালায়। অভিযোগ রয়েছে, তারা বনফুলকে এলোপাতাড়ি মারধর করে মাটিতে ফেলে লাঠি দিয়ে পিটিয়ে আহত করে।


আহত ফুটবলারের বোন নূপুর বেগম বলেন, আগে একটি বিষয় নিয়ে তাদের সঙ্গে আমাদের পরিবারের ঝামেলা হয়েছিল। পরে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা বসে সেটির মিমাংসা করে দেন। কিন্তু আমার বোন বনফুল সেই ঘটনার কিছুই জানত না। আজ সকালে সে অনুশীলন করতে গেলে জাহানারা বেগম, মদিনা বেগম, বাদশা, কালাম মিয়া ও সাগরসহ কয়েকজন তাকে একা পেয়ে মারধর করে। তারা তাকে মাটিতে ফেলে বেদম প্রহার করে।


স্বপ্নচূড়া স্পোর্টিং ক্লাবের কোচ রাকিব আহমদ ভুঁইয়া বলেন, একজন কিশোরী ফুটবলারকে একা পেয়ে এভাবে মারধরের ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক। যারা খেলাধুলার মাধ্যমে জেলার সুনাম বয়ে আনছে, তাদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। আমরা দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।


দিরাই সরকারি হাসপাতালের মেডিকেল অফিসার ডা. ওয়াসিম আকরাম বলেন, মেয়েটির হাত ও পায়ে আঘাতের চিহ্ন ছিল। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে সে আশঙ্কামুক্ত।
অভিযুক্তদের মুঠোফোন বন্ধ থাকায় এই বিষয়ে তাদের বক্তব্য জানা যায় নি।


দিরাই থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, ঘটনার বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। তিনি জানালেন, বিষয়টি জেনে সুনামগঞ্জ ও ঢাকা থেকে ক্রীড়াঙ্গণের দায়িত্বশীলরা ফোন দিয়ে ঘটনায় জড়িতেদের আইনের আওতায় নেবার দাবি জানিয়েছেন। 


এদিকে এই ঘটনায় স্থানীয় ক্রীড়াঙ্গনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। দিরাই উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব শাহ আলম বলছেন, খেলোয়াড়দের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। তিনি দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার