নাহিদ রানাকে না পেয়ে আক্ষেপে পুড়ছে বাংলাদেশ

প্রকাশিত: ০৩ আগস্ট, ২০২৬ ১০:৩৬

সংগৃহীত ছবি 

তরুণ পেসার নাহিদ রানাকে অস্ট্রেলিয়া সফরে না পাওয়ার আক্ষেপ লুকালেন না বাংলাদেশের ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোচ মোহাম্মদ সালাউদ্দিন। একই সঙ্গে অভিজ্ঞ ব্যাটার-উইকেটকিপার লিটন দাসের ফেরা নিয়েও আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

 

 

চোটের চিকিৎসার জন্য গত মঙ্গলবার অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছাড়েন নাহিদ রানা। তবে সফরে তরুণ এই পেসারকে মাঠে দেখা যাবে না। এ নিয়ে রোববার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সালাউদ্দিন বলেন, ‘সত্যি কথা বলতে, আমিও খুব রোমাঞ্চিত ছিলাম যে কবে দেখব নাহিদ অস্ট্রেলিয়ায় ব্যাটারদের বাউন্সার মারছে। যেহেতু সেটা হচ্ছে না, তাই এখানে হা-হুতাশ করে লাভ নেই। আমার বিশ্বাস, অন্য যে বোলাররা আছে, তারা যদি পরিকল্পনা অনুযায়ী বুদ্ধিমত্তার সঙ্গে বল করতে পারে, তাহলে তারাও ভালো করবে।’ 

 

 

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ নিয়ে আশাবাদী সালাউদ্দিন। তার বিশ্বাস, বিদেশের চারটি টেস্টে ভালো ফল এবং দেশের মাটিতে চারটি টেস্ট জিততে পারলে বাংলাদেশ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে শীর্ষ তিনে জায়গা করে নিতে পারে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘টেস্ট দল নিয়ে আমি সব সময় আশাবাদী। যারা টেস্ট দলে খেলে, তারা নিজেদের দায়িত্ব ও লক্ষ্য সম্পর্কে সচেতন। অন্যদের তুলনায় তারা অনেক বেশি গোছানো। ভালো না করার কোনো কারণ নেই। তাদের ইচ্ছা ও লক্ষ্য দুটোই অনেক বড়।’ তিনি যোগ করেন, ‘দেশের বাইরে যে চারটি টেস্ট ম্যাচ আছে, সেখানে যদি ভালো খেলতে পারি এবং দেশের মাটিতে যে চারটি টেস্ট আছে, সেগুলো জিততে পারি, তাহলে আমরা টেস্ট চ্যাম্পিয়নশিপে শীর্ষ তিনে থাকতে পারব।’

 

 

এদিকে দীর্ঘদিন খেলার বাইরে থাকা লিটনকে নিয়েও নিজের ভাবনা তুলে ধরেন এই অভিজ্ঞ কোচ। তার মতে, সরাসরি টেস্টে নামার আগে প্রস্তুতি ম্যাচ খেলতে পারলে লিটনের জন্য সেটি বেশি উপকারী হবে। প্রথমদিকে বলা হয়েছিল প্রথম টেস্টে তিনি খেলতে পারবেন না। পরে পুনর্বাসনে উন্নতি হওয়ায় কাল রাতেই তার অস্ট্রেলিয়া যাওয়ার কথা ছিল। সালাউদ্দিন বলেন, ‘অভিজ্ঞতা কখনো হারিয়ে যায় না। সেটা স্মৃতিতে থেকে যায়। মানিয়ে নেওয়ার বিষয়টি গুরুত্বপূর্ণ।

 

 

লিটন প্রায় ৪৫ দিন ধরে প্রতিযোগিতামূলক ম্যাচের বাইরে। সে যদি প্রস্তুতি ম্যাচ খেলতে পারে, তাহলে ভালো হবে। সরাসরি টেস্ট খেললে শুরুতে কিছুটা কঠিন হতে পারে। আগে যাওয়ায় মানিয়ে নেওয়ার সুযোগ থাকবে।’ তিনি বলেন, ‘টেস্ট ক্রিকেট খুব উচ্চমাত্রার তীব্রতায় খেলা হয়। লিটন যদি ম্যাচের ছন্দে থাকে, তাহলে সে অবশ্যই দলের জন্য বড় সংযোজন হবে। এমন অভিজ্ঞ একজন ক্রিকেটারকে দলে পাওয়া অবশ্যই ইতিবাচক।’ ব্যাটার জাকের আলীকেও প্রশংসায় ভাসিয়েছেন সালাউদ্দিন। তার ভাষায়, ‘জাকির আলী লড়াই করতে জানে। দলে তার ভূমিকা কী, সেটা সে খুব ভালো বোঝে। আমাদের দেশে খুব কম ব্যাটার আছে যারা বোলারদের নিয়ে শেষ বেলায় খেলতে পারে। জাকের তাদের একজন এবং সে নিজের দায়িত্ব সম্পর্কে পরিষ্কার ধারণা রাখে।’
সূত্র: যুগান্তর .কম
এমডি

খেলাধুলা থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার