গুলির ক্ষত আজও বয়ে বেড়াচ্ছেন অপি

প্রকাশিত: ০৩ আগস্ট, ২০২৬ ২৩:০১

২০২৪ সালের ৫ আগস্ট, জুলাই আন্দোলনের চূড়ান্ত পর্যায়। ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের পতনের দাবিতে তখন সারাদেশে ছাত্র—জনতার গণআন্দোলন তুঙ্গে। রাজধানী ঢাকার রাজপথ ছিল আন্দোলনকারীদের স্লোগানে মুখর। ওই দিন সাভারের আশুলিয়া এলাকায় মিছিলে অংশ নিতে গিয়ে গুলিবিদ্ধ হন মধ্যনগর উপজেলার ছাত্রদল কর্মী মো.অপি মিয়া (২১)। প্রাণে বেঁচে ফিরলেও সেই গুলির ক্ষত আজও তাঁকে শারীরিক যন্ত্রণা দিচ্ছে এবং স্বাভাবিক জীবনযাপনে বাধা হয়ে দাঁড়িয়েছে।

 


মো.অপি মিয়া মধ্যনগর উপজেলার দুগনই গ্রামের বাসিন্দা ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম সবুজ মিয়ার ছোট ছেলে। তিনি নেত্রকোনা সরকারী কলেজের স্নাতক ২য় বর্ষের শিক্ষার্থী।
পরিবার সূত্রে জানা যায়, আন্দোলনে অংশ নেওয়ার সময় ছোড়া একটি গুলি তাঁর নাভির নিচে বাম পাশ দিয়ে শরীরে প্রবেশ করে পিঠের দিক দিয়ে বেরিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় আন্দোলনকারীরা তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকদের আপ্রাণ চেষ্টায় প্রাণে বেঁচে যান। তবে সুস্থ করে তুলতে তাঁকে দুইবার  অস্ত্রোপচার করতে হয়। দীর্ঘ প্রায় এক বছর হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বাড়ি ফিরলেও তিনি এখনো পুরোপুরি সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি।
অপি মিয়া জানান, অস্ত্রোপচারের ক্ষতস্থানে এখনো তীব্র ব্যথা অনুভব করেন। অনেক সময় ব্যথা এতটাই বেড়ে যায় যে বিছানা থেকেও উঠতে পারেন না। এতে দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হওয়ার পাশাপাশি স্বাভাবিকভাবে চলাফেরাও কষ্টসাধ্য হয়ে পড়ে। তবে দেশের মানুষ একটি স্বৈরশাসন থেকে মুক্তি পেয়েছে—এই অনুভূতি তাঁর সব কষ্টের মাঝেও আলাদা এক তৃপ্তি এনে দেয়।

 


তিনি বলেন, জীবনটা আর আগের মতো নেই। বাইরে থেকে অনেকেই আমাকে সুস্থ মনে করেন, কিন্তু শরীরের ভেতরের যন্ত্রণা এখনো রয়ে গেছে। ক্ষতস্থানে ব্যথা শুরু হলে ঘণ্টার পর ঘণ্টা বিছানায় পড়ে থাকতে হয়। তারপরও দেশের মানুষের মুক্তির আন্দোলনে অংশ নিতে পেরেছি— এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি।

 


অপির বড় ভাই এম.শহীদ বলেন, অপির দীর্ঘ চিকিৎসায় পরিবারের অনেক অর্থ ব্যয় হয়েছে। এখনও তার নিয়মিত চিকিৎসা চলছে এবং চিকিৎসকদের তত্ত্বাবধানে ফলোআপ অব্যাহত রয়েছে। সে যেন দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারে, সেজন্য সবার কাছে দোয়া কামনা করছি।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার