প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর, ২০২৬ ২২:৫৬
জামালগঞ্জে টোল আদায়ে বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত পরিচালকের হুঁশিয়ারি
জামালগঞ্জে সুরমা নদীতে বিআইডব্লিউটিএর ইজারাদার, বালু—পাথর ব্যবসায়ী, নৌকা মালিক ও শ্রমিকদের মধ্যে টোল আদায় নিয়ে চলমান বিরোধ নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলার উত্তর ইউনিয়নের মমিনপুর বাজারে উপজেলা প্রশাসনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। এতে ইজারাদার, বালু—পাথর ব্যবসায়ী, নৌকা মালিক ও শ্রমিকরা উপস্থিত ছিলেন।
সভায় বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক (ঢাকা) মো. ইসমাইল হোসেন বলেন, চলতি নদীতে কোনো ধরনের টোল—ট্যাক্স নেওয়া যাবে না। বালু—পাথর প্রতি ঘনফুট ৫০ পয়সা হারে উঠানামার ক্ষেত্রে একবার টোল নেওয়া যাবে। একই মালামালের টোল একাধিকবার আদায় সম্পূর্ণ অবৈধ।
.jpg)
তিনি আরও বলেন, বিআইডব্লিউটিএর নীতিমালার বাইরে অতিরিক্ত টোল—ট্যাক্স আদায়ের কোনো সুযোগ নেই। ইজারাদাররা নীতিমালা উপেক্ষা করে অতিরিক্ত টোল আদায় করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া টোল আদায়ে ইজারাদার কর্তৃক নিয়োগকৃত ব্যক্তিদের অবশ্যই নির্ধারিত পোশাক পরিহিত থাকতে হবে। রশিদের মাধ্যমে চালানে উল্লেখিত টন বা ঘনফুট অনুযায়ী টোল আদায় করতে হবে।
সভায় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী মোদক, জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বন্দে আলী ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন। বালু—পাথর ব্যবসায়ী, নৌকা মালিক ও শ্রমিকদের পক্ষে বক্তব্য দেন ক্রাশার মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম ওমির, সুনামগঞ্জ জেলা বাল্কহেড সমিতির সভাপতি হাবিবুর রহমান, উত্তর ইউনিয়ন নৌকা মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. কবির হোসেন, ক্রাশার মিল মালিক লোকমান হোসেন, নবীনূর, জসিম উদ্দিন, জয়দর আলী, জাহাঙ্গীর আলম, বাংলাদেশ কার্গো ট্রলার সমিতির লাইনম্যান আবু হানিফ, উপজেলা জিয়া পরিষদের সভাপতি রিপন শাহ, শ্রমিক সরদার মোহাম্মদ আলী, নৌকা মালিক আবুল হোসেন ও কৃষক ফজলুল হক প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএর উপপরিচালক (ঢাকা) নাহিদ বিন ইসলাম, উপপরিচালক (সিলেট) মো. শহিদুল ইসলাম, সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তাপস শীল, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) তাপস চন্দ্র ঘোষ, বিআইডব্লিউটিএর ইজারাদার ওয়াহিদ আলী ও জিয়াউর রহমানসহ বালু—পাথর ব্যবসায়ী, নৌকা মালিক, শ্রমিক এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
উপজেলার খবর থেকে আরো পড়ুন