তাহিরপুরে বাল্যবিবাহ ঠেকালেন যুব ফোরামের সদস্যরা

প্রকাশিত: ০৩ আগস্ট, ২০২৬ ২৩:০৮

পূর্বপ্রস্তুতির মধ্যেই তাহিরপুর উপজেলায় সপ্তম শ্রেণিতে অধ্যয়নরত ১৩ বছর বয়সী এক কিশোরীর বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, থানা পুলিশ ও স্বপ্নের সন্ধান যুব ফোরামের যৌথ তৎপরতায় এই বিয়ে বন্ধ করা হয়।

 


সোমবার দুপুরে উপজেলার তাহিরপুর সদর ইউনিয়নের চিকসা গ্রামে ওই কিশোরীর বিয়ের আয়োজন চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফজাল হোসেন এবং স্বপ্নের সন্ধান যুব ফোরামের নেতৃবৃন্দ ঘটনাস্থলে পৌঁছান।

 


এ সময় কনের পরিবারের কাছে মেয়ের বয়সের প্রমাণ হিসেবে জন্মনিবন্ধন সনদ চাইলে তারা তা দেখাতে ব্যর্থ হন। পরে কিশোরীর মা স্বীকার করেন, তার মেয়ের বয়স মাত্র ১৩ বছর এবং সে সপ্তম শ্রেণির ছাত্রী। পরবর্তীতে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে কিশোরীর বাবা—মায়ের কাছ থেকে লিখিত মুচলেকা নেওয়া হয় যে, মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ হওয়ার আগে তারা কোনোভাবেই তার বিয়ে দেবেন না। পাশাপাশি বরপক্ষকেও আর না আসার জন্য জানিয়ে দেওয়া হয় এবং বিয়ের আয়োজন সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়।

 


কিশোরীর মা জানান, তার স্বামী একজন বাকপ্রতিবন্ধী এবং জীবিকার তাগিদে বিদেশে অবস্থান করছেন। মেয়ের নিরাপত্তার কথা বিবেচনা করে বিদেশে যাওয়ার আগে তার বিয়ে দিতে চেয়েছিলেন।
বাল্যবিবাহ প্রতিরোধ অভিযানে উপস্থিত ছিলেন স্বপ্নের সন্ধান যুব ফোরামের সাধারণ সম্পাদক সজিবুল ইসলাম, সহ—সভাপতি মুকছিনা আক্তার, সদস্য মানিক মিয়া, আবু সাইদ, মারিয়া আক্তার, হালিমা আক্তার, আলো আক্তার, বিউটি ও রাশিয়া আক্তার।

 


স্বপ্নের সন্ধান যুব ফোরামের সাধারণ সম্পাদক সজিবুল ইসলাম বলেন, আমরা শিশু, কিশোর—কিশোরী ও যুবদের সামাজিক অধিকার ও সুরক্ষা নিয়ে কাজ করি। পার্শ্ববর্তী একটি গ্রামে বাল্যবিবাহের আয়োজনের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও থানা পুলিশের সহযোগিতায় বাল্যবিবাহটি বন্ধ করতে সক্ষম হই।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফজাল হোসেন বলেন, বাল্যবিবাহ একটি দণ্ডনীয় অপরাধ। বিষয়টি জানার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে গিয়ে বিয়ে বন্ধ করেছি। পাশাপাশি মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ হওয়ার আগে বিয়ে দেবেন না। এ মর্মে অভিভাবকদের কাছ থেকে লিখিত মুচলেকা নেওয়া হয়েছে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার