মাঠ দিবস অনুষ্ঠিত

প্রকাশিত: ০৪ আগস্ট, ২০২৬ ১৯:৫৯

আউশ ধানের উন্নত ও স্বল্পমেয়াদি জাত বিনাধান—১৯ ও বিনাধান—২১—এর চাষাবাদ সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। হাওরের কান্দা ও বোরো—পরবর্তী অনাবাদি জমিতে আউশ ধানের আবাদ বাড়াতে কৃষকদের উদ্বুদ্ধ করতে এ আয়োজন করা হয়।


মঙ্গলবার দুপুর ১২টায় সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের বাদে সাদকপুর এলাকায় এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। ‘কৃষিই সমৃদ্ধি’ স্লোগানে সুনামগঞ্জ বিনা উপকেন্দ্র এর আয়োজনে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সদরের সহযোগিতায় অনুষ্ঠানটি আয়োজন করা হয়। বিসিসিটিএফের ‘পরমাণু কৌশলের মাধ্যমে হাওর ও চরাঞ্চল অভিযোজন’ শীর্ষক প্রকল্পের অর্থায়নে এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়।

 


মাঠ দিবসে কৃষকরা বিনাধান—১৯ ও বিনাধান—২১ এর চাষাবাদ, ফলন ও বিভিন্ন বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা নেন। এ সময় কৃষকদের চাষাবাদে উদ্বুদ্ধ করতে মাঠ পর্যায়ে উৎপাদনের অভিজ্ঞতাও তুলে ধরা হয়।

 


জেলা বিনা উপকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহমুদুল হাসান মানিক বলেন, বিনাধান—১৯ ও বিনাধান—২১ আউশ মৌসুমের উপযোগী স্বল্পমেয়াদি জাত। সুনামগঞ্জে আউশের আবাদ কম হলেও হাওরের কান্দা এলাকার জমিতে এ বছর কৃষকদের উদ্বুদ্ধ করে জাত দুটি চাষ করানো হয়েছে। কৃষকদের বিনামূল্যে বীজ ও প্রয়োজনীয় উপকরণ দেওয়া হয়। এতে ভালো ফলন পাওয়া গেছে।


তিনি বলেন, বিনাধান—১৯ ও ২১ চাষে সেচের প্রয়োজন কম এবং বৃষ্টির পানিতেই আবাদ করা যায়। সারের পরিমাণও তুলনামূলক কম লাগে। জাত দুটির জীবনকাল প্রায় ১০০ থেকে ১০৫ দিন এবং এগুলো খরাসহিষ্ণু।


তিনি আরও বলেন, বিনাধান—১৯ এর গাছ সহজে হেলে পড়ে না। এ জাতের চাল চিকন এবং ভাত ঝরঝরে হওয়ায় ভোক্তাদের কাছে এর চাহিদা রয়েছে। তাই আবাদ উপযোগী জমিতে কৃষকদের আউশ ধান চাষে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

 


জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক বলেন, যেখানে ধান চাষের সুযোগ রয়েছে, সেখানে আবাদ বাড়াতে হবে। শুধু নিজেদের উৎপাদনের কথা না ভেবে দেশের খাদ্য চাহিদার কথাও বিবেচনা করতে হবে। কৃষকদের চাষাবাদে কোনো সমস্যা হলে কৃষি বিভাগের কর্মকর্তাদের জানানোর আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, সরকার কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ চালু করছে। সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় এ কার্যক্রম শুরু হচ্ছে। ভবিষ্যতে সারসহ বিভিন্ন কৃষি উপকরণ পেতে কৃষক কার্ড গুরুত্বপূর্ণ হতে পারে। তাই কার্ড তৈরির সময় কৃষকদের গুরুত্বসহকারে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার