প্রকাশিত: ০৬ আগস্ট, ২০২৬ ১০:৩২
সংগৃহীত ছবি
বিশ্বকাপ শেষে ক্লাব ফুটবলে ফিরেই ইতিহাস গড়লেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। ইন্টার মায়ামির হয়ে ফেরার দ্বিতীয় ম্যাচেই জোড়া গোল করে লিগস কাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড নিজের করে নিয়েছেন তিনি। তার দুর্দান্ত পারফরম্যান্সে অ্যাতলেটিকো দে সান লুইসকে ৪-২ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি।
বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোরে মায়ামির নু স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধের ২৫ মিনিটের পর ভারী বৃষ্টির কারণে খেলা সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। এরপর খেলা আর শুরু না হওয়ায় ৪-২ গোলের ব্যবধানেই ম্যাচের ফল নির্ধারিত হয়। প্রথমার্ধেই ৪-১ ব্যবধানে এগিয়ে গিয়েছিল ইন্টার মায়ামি।
ম্যাচের শুরুটা অবশ্য ভালো হয়নি স্বাগতিকদের। চতুর্থ মিনিটেই ডেভিড রদ্রিগেজের গোলে এগিয়ে যায় মেক্সিকান ক্লাব অ্যাতলেটিকো দে সান লুইস। তবে ১১তম মিনিটে নোয়া অ্যালেনের দারুণ পাস থেকে গোল করে সমতা ফেরান মেসি। বিশ্বকাপ শেষে ক্লাবে ফিরে এটিই ছিল তার প্রথম গোল।
এরপর ২৬তম মিনিটে তেলাসকো সেগোভিয়া গোল করে ইন্টার মায়ামিকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন। প্রথমার্ধের ৪৪তম মিনিটে আবারও নোয়া অ্যালেনের পাস থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন মেসি। এই গোলের মাধ্যমে লিগস কাপে তার মোট গোলসংখ্যা দাঁড়ায় ১৪-তে, যা তাকে প্রতিযোগিতাটির ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার আসনে বসিয়েছে।
গোলের পাশাপাশি সতীর্থদের জন্যও সুযোগ তৈরি করেছেন মেসি। প্রথমার্ধের শেষদিকে তার নেওয়া কর্নার থেকে হেডে গোল করেন মিকায়েল দোস সান্তোস। ফলে বিরতিতে যাওয়ার আগেই ৪-১ ব্যবধানে এগিয়ে যায় ইন্টার মায়ামি।
দ্বিতীয়ার্ধে অ্যাতলেটিকো দে সান লুইস একটি গোল শোধ করলেও ম্যাচে আর ফিরতে পারেনি। পরে বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে গেলে ৪-২ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ইন্টার মায়ামি।
সম্প্রতি শেষ হওয়া ২০২৬ বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে ছিলেন মেসি। আট গোল করে তিনি আর্জেন্টিনাকে ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। যদিও শিরোপা নির্ধারণী ম্যাচে স্পেনের কাছে হেরে রানার্সআপ হয় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
উল্লেখ্য, বিশ্বকাপের পর ইন্টার মায়ামির হয়ে মেসির প্রথম ম্যাচ ছিল ১ আগস্ট এমএলএসে কলম্বাস ক্রুর বিপক্ষে। সে ম্যাচে বদলি হিসেবে নেমে খেললেও গোল পাননি; ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছিল। এবার দ্বিতীয় ম্যাচেই গোলের দেখা পাওয়ার পাশাপাশি গড়লেন নতুন এক রেকর্ড।
সূত্র: যুগান্তর .কম
এমডি
খেলাধুলা থেকে আরো পড়ুন