এমপি কঠোর, তবু বিভক্তি

প্রকাশিত: ০৬ আগস্ট, ২০২৬ ২৩:২৭

সুনামগঞ্জ—২ (দিরাই—শাল্লা) আসনের দিরাইয়ে উপজেলা বিএনপি দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে। এই অবস্থায় দলের সমাবেশে স্থানীয় সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী বলেছেন, ‘আমি যতদিন জীবিত আছি, কাউকে কোনো ধরনের দুর্নীতি করার সুযোগ দেব না। যারা দলের নাম ব্যবহার করে চুরি—দুর্নীতি করতে পারছে না, তারাই আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।’

 


বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে থানা পয়েন্টে দিরাই উপজেলা বিএনপি আয়োজিত জুলাই স্মরণ  সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাছির উদ্দিন চৌধুরী বলেন, আজকের এই সমাবেশই বিএনপির মূল সমাবেশ। এর বাইরে বিএনপির নামে আর কোনো সমাবেশ নেই। আগামী ৮ আগস্ট বিএনপির নামে যারা আলাদা সমাবেশ করার চেষ্টা করছে, তারা মূলত দলে বিভক্তি সৃষ্টি করতে চায়। তাদের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

 


নিজের বিরুদ্ধে চলমান নানা অভিযোগ ও অপপ্রচারের জবাবে তিনি বলেন, আমার কোনো ভাই নেই, আমি একা। এমনকি আমার বাসাও কেড়ে নেওয়া হয়েছে। এরপরও একটি মহল আমার বিরুদ্ধে ভিত্তিহীন প্রচারণা চালাচ্ছে। তারা বলে আমি লাখ লাখ টাকা লুটপাট করছি। যারা এসব অভিযোগ করে, তাদের জিজ্ঞাসা করুন—আসলে কত টাকা বরাদ্দ এসেছে? প্রয়োজন হলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছ থেকে তথ্য জেনে নিন।

 


দুর্নীতির বিরুদ্ধে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করে সংসদ সদস্য বলেন, আমি যতদিন বেঁচে আছি, কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে দুর্নীতি করার সুযোগ দেব না।
উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেনের সভাপতিত্বে এবং পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারুক সরদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য দেন।

 


সমাবেশে বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. শাহ আলম, পৌর কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সজীব রশীদ চৌধুরী, উপজেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা রজব আলী, উপজেলা কৃষক দলের আহ্বায়ক সালাহ উদ্দিন তালুকদার, পৌর বিএনপির সদস্য কায়সার ইসলাম ও সোহেল মিয়া, কুলঞ্জ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক বাবুল মিয়া, তাড়ল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দীন ইসলাম, করিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহিম, সরমঙ্গল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাছির মিয়া, চরনারচর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল জলিল ও সাধারণ সম্পাদক আতাউর রহমান, ভাটিপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহ দীপ আলীসহ আরও অনেকে।
প্রসঙ্গত. গেল প্রায় এক মাস হয় দিরাই বিএনপি দ্বিধাবিভক্ত।

 


দিরাই শাল্লায় বিএনপির রাজনীতিতে প্রভাবশালী নেতা নাছির উদ্দিন চৌধুরী। নাছির উদ্দিন চৌধুরী বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য। ভাটি অঞ্চলের ডাকসাইটে এই রাজনীতিক গেল জাতীয় নির্বাচনের আগে অসুস্থ্য হয়ে পড়েন। এরপরও নির্বাচনী এলাকায় জনপ্রিয় ওই নেতাকেই দল মনোনয়ন দেয়। বয়োজ্যেষ্ট সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী’র ছায়া কে পাবেন— এই নিয়েই স্থানীয়ভাবে দ্বন্দ্ব শুরু হয় মাসখানেক আগে থেকেই। দ্বন্দ্বে যুক্ত দুইপক্ষের একপক্ষে আছেন নাছির উদ্দিন চৌধুরীর ভাই (সৎ ভাই) মঈন উদ্দিন চৌধুরী মাসুক। তিনি উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক (স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত)। এমপি অসুস্থ্য থাকায় স্থানীয়ভাবে প্রচার আছে আরেকপক্ষ এমপি’র স্ত্রী পারভিন আক্তারের পরামর্শ নিয়ে কার্যক্রম চালাচ্ছে। বিএনপির স্থানীয় একাধিক কর্মী বলেছেন, ‘এখানে এমপির ছায়া স্ত্রী না ভাই পাবেন, এ নিয়ে লড়াই চলছে।’ 
গেল প্রায় এক মাস হয় পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন, যৌথসভা, অব্যাহতির সুপারিশ এবং পৃথক কর্মসূচির মধ্য দিয়ে দুইপক্ষের অভ্যন্তরীণ দ্বন্দ্ব প্রকাশ্য রূপ পায়। শনিবার একই ইস্যুতে আলাদা সমাবেশ ডেকেছে অন্যপক্ষ।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার