প্রকাশিত: ১৪ আগস্ট, ২০২৬ ২২:২৪
বিশ্বম্ভরপুরে ডিবি পুলিশের অভিযান
বিশ্বম্ভরপুর উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি বিশেষ অভিযানে চোরাচালানের মাধ্যমে ভারত থেকে আনা ২৪ লাখ ৫৯ হাজার ১০০ টাকা মূল্যের মালামালসহ একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে পরিচালিত এই অভিযানে চোরাচালানে জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হলেও অপর এক অভিযুক্ত পালিয়ে গেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন— মুন্সীগঞ্জ সদর উপজেলার দক্ষিণ চর্মোগুরা গ্রামের সজিব হোসেন (২৫) এবং ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার ধলেশ্বর গ্রামের বিল্লাল হোসেন (৩৪)। অন্যদিকে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া অপর অভিযুক্তের নাম হাবিব (৩০)।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির উপ—পরিদর্শক (এসআই) সাব্বির হাসানের নেতৃত্বে কনস্টেবল মণির হোসেন ও ইমরান হোসেনকে সঙ্গে নিয়ে বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ ইউনিয়নের তালেরতল পয়েন্টের পশ্চিমে চালবন—পলাশ বাজারগামী সড়কে এ অভিযান চালানো হয়।
অভিযানকালে তল্লাশি চালিয়ে চোরাচালানকৃত ১,৪৮২ কেজি ভারতীয় ফুচকা, ১,১০৮ কেজি জিরা এবং ৫৪০ কেজি কুড়া উদ্ধার করা হয়। একই সাথে চোরাচালানের কাজে ব্যবহৃত ঢাকা মেট্রো—ন—১৩—১৩৩৪ নম্বরের মাঝারি আকারের একটি কাভার্ডভ্যান জব্দ করেছে পুলিশ। জব্দকৃত এসব মালামাল ও যানবাহনের আনুমানিক বাজারমূল্য ২৪ লাখ ৫৯ হাজার ১০০ টাকা।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) জানিয়েছে, চোরাচালানের এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের সংশ্লিষ্ট ধারায় বিশ্বম্ভরপুর থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
উপজেলার খবর থেকে আরো পড়ুন