প্রকাশিত: ১৪ আগস্ট, ২০২৬ ২২:৫৪
সিসিটিভিতে ধরা পড়ল দৃশ্য
জামালগঞ্জ উপজেলার সাচনা বাজারে দিবালোকে অভিনব কায়দায় একটি মুদি দোকানে চুরির ঘটনা ঘটেছে। বোরকা পরিহিত এক নারী তার সঙ্গে থাকা শিশুকে ব্যবহার করে মাত্র ১০ মিনিটের ব্যবধানে দোকানের ক্যাশ বাক্স থেকে ৯৮ হাজার টাকা হাতিয়ে নিয়েছে। বুধবার দুপুরে সাচনা বাজারের ত্রিমুখী পয়েন্ট এলাকার বীরেশ দেবনাথের ‘বন্ধন স্টোর’ নামের দোকানে এই ঘটনা ঘটে। চুরির এই দৃশ্য সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ার পর তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভুক্তভোগী দোকান মালিক বীরেশ দেবনাথ জানান, বুধবার দুপুর আনুমানিক পৌনে ২টার দিকে বোরকা পরা এক নারী তার শিশুসন্তানকে সঙ্গে নিয়ে দোকানে আসেন। ওই নারী বিভিন্ন পণ্যের দামদর করতে করতে একপর্যায়ে ময়দা চান। বীরেশ দেবনাথ দোকানের পেছনে গিয়ে ময়দা ওজন করার সময় ওই নারী ও শিশুটি ক্যাশের পাশে অবস্থান নেয়। সিসিটিভি ফুটেজে দেখা যায়, দোকান মালিক পেছনে থাকার সুযোগে শিশুটি ক্যাশের ড্রয়ার খুলে টাকার বান্ডিল তুলে নেয়।
বিষয়টি টের পেয়ে দোকান মালিক ওই নারীর কাছে জানতে চাইলে তিনি উল্টো শিশুটিকে চড়—থাপ্পড় দিয়ে দ্রুত দোকান থেকে বেরিয়ে যান। পরে ক্যাশ বাক্স খুলে দেখা যায়, সেখানে রাখা ৯৮ হাজার টাকার বান্ডিলটি নেই। আশপাশে অনেক খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান না পেয়ে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে চুরির বিষয়টি নিশ্চিত হন দোকান মালিক।
এ ঘটনায় বৃহস্পতিবার রাতে বীরেশ দেবনাথ জামালগঞ্জ থানায় সিসিটিভি ফুটেজসহ একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বন্দে আলী বলেন, চুরির ঘটনায় সিসিটিভি ফুটেজসহ একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। ফুটেজ দেখে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলার খবর থেকে আরো পড়ুন