প্রকাশিত: ১৪ আগস্ট, ২০২৬ ২৩:০১
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে একটি বাস প্রদান করেছে পূবালী ব্যাংক পিএলসি। শুক্রবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে আয়োজিত ‘Student Bus Handover Ceremony’ অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বাসটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাকির হোসেন। পূবালী ব্যাংক পিএলসির পক্ষে বাসের চাবি ও প্রয়োজনীয় নথিপত্র বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ—উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর সরকার, পরিবহন পরিচালক সৈয়দুল হাসান, গণিত বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. হারুন—অর—রশীদ, পূবালী ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. শাহনেওয়াজ খান, জিএম ও ডিভিশনাল হেড (জিবিওডি) মো. ফাইজুল হক শরীফ, জিএম এন্দ্র মোহন সূত্রধর এবং সিলেট অফিসের জিএম চৌধুরী মো. শফিউল হাসানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক—শিক্ষার্থী ও ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী মো. হামজা। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত এবং পরে অতিথিদের ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করা হয়। এরপর শিক্ষার্থীদের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য ও অতিথিদের বক্তব্য অনুষ্ঠিত হয়।
বাস হস্তান্তরের বিষয়ে পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী বলেন, বিশ্ববিদ্যালয়টি শহরের বাইরে অবস্থিত। আশপাশে পর্যাপ্ত আবাসিক এলাকা না থাকায় দূরদূরান্ত থেকে শিক্ষার্থীদের আসতে হয়। সেজন্য শিক্ষার্থীদের যাতায়াতে বাসের প্রয়োজনীয়তা রয়েছে।
তিনি বলেন, পূবালী ব্যাংক পিএলসি দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ, সেমিনার ও ওয়ার্কশপসহ বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণের পাশাপাশি পরিবহন সুবিধা দেওয়ার উদ্যোগ নিয়েছে। এরই ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের পর শিক্ষার্থীদের জন্য এই বাস দেওয়া হয়েছে।
মোহাম্মদ আলী আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে এসে শিক্ষার্থীদের যাতায়াতের বাস্তব পরিস্থিতি সম্পর্কে ধারণা হয়েছে। এখানে শিক্ষার্থীদের যাতায়াতের ক্ষেত্রে বাসের বিকল্প কম। তাই পূবালী ব্যাংক সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের অংশ হিসেবে এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়, নতুন এই বাস শিক্ষার্থীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে দূরদূরান্ত থেকে আসা শিক্ষার্থীদের নিয়মিত ক্যাম্পাসে যাতায়াতের ক্ষেত্রে বাসটি তাদের ভোগান্তি কমাতে সহায়ক হবে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের জন্য একটি বাস শুধু যাতায়াতের মাধ্যম নয়; এটি নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় পথচলার সুযোগ তৈরি করে। একটি বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় অবকাঠামোর পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান ও মানুষের সহযোগিতা, আস্থা এবং সম্মিলিত উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
পরে অতিথিরা ফিতা কেটে এবং বেলুন উড়িয়ে বাসের আনুষ্ঠানিক উদ্বোধন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ—উদ্দীপনা দেখা যায়।
উপজেলার খবর থেকে আরো পড়ুন