প্রকাশিত: ১৪ আগস্ট, ২০২৬ ২২:৪৯
সৌদি আরবের নেতৃত্বে গঠিত মাল্টিন্যাশনাল মেরিটাইম ডিফেন্স অ্যালায়েন্সে বাংলাদেশের যুক্ত হওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ)। শুক্রবার বিকাল ৫টায় জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সুনামগঞ্জ জেলা কমিটির উদ্যোগে শহরের রায়পাড়াস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয় থেকে একটি লাল পতাকা মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলফাত উদ্দিন চত্বরে গিয়ে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি রত্নাংকুর দাস জহরের সভাপতিত্বে এবং সাইফুল আলম ছদরুলের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সুনামগঞ্জ জেলা কমিটির সহসভাপতি সুখেন্দু তালুকদার মিন্টু, সহ সভাপতি সৌরভ ভূষণ দেব, স মিল ¤্রমিক ফেডারেশনের সহ সভাপতি আইয়ুবুর রহমান, আমির উদ্দিন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সুনামগঞ্জ জেলা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনির মিয়া, সুনামগঞ্জ জেলা হোটেল রেষ্টুরেন্ট মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক টিটু দাস, সহ সাধারণ সম্পাদক স্বপন মিয়া, আঙ্গুল মিয়া, সুনামগঞ্জ সদর উপজেলা রিক্সা ভ্যান শ্রমিক সংঘের সভাপতি আব্দুর রউফ, সাংগঠনিক সম্পাদক আশিকুল, পৌর কমিটির সভাপতি মতিউর রহমান, বিনন্দ মালাকর প্রমুখ।
সমাবেশে বক্তারা অবিলম্বে এই জোট থেকে বাংলাদেশের নাম প্রত্যাহারের তীব্র দাবি জানান। তারা বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে দিয়ে মার্কিন সাম্রাজ্যবাদ তার আধিপত্য বজায় রাখতে চায়। অন্যদিকে চীন ও রাশিয়া মার্কিন যুক্তরাষ্ট্রকে যুদ্ধে ব্যস্ত রেখে কোণঠাসা করার নীতি গ্রহণ করেছে। এই তীব্র আন্তঃসাম্রাজ্যবাদী দ্বন্দ্বের মাঝে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটে যুক্ত করে বাংলাদেশকে একটি অন্যায় যুদ্ধের দিকে ঠেলে দেওয়ার অপতৎপরতা চলছে।
নেতৃবৃন্দ অভিযোগ করেন, সরকার সাম্রাজ্যবাদী শক্তির সাথে দাসত্বমূলক চুক্তি কার্যকর করে চলেছে। একদিকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্য, গ্যাস—বিদ্যুতের চরম সংকট ও মূল্যবৃদ্ধিতে জনজীবন বিপর্যস্ত; অন্যদিকে দেশকে সাম্রাজ্যবাদী সামরিক চক্রান্তে জড়ানো হচ্ছে।
এসব জাতীয় ও জনস্বার্থবিরোধী পদক্ষেপের বিরুদ্ধে দেশের সকল দেশপ্রেমিক শক্তি, সাধারণ জনগণ এবং শ্রমিক—কৃষকদের ঐক্যবদ্ধ হয়ে তীব্র গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান সংগঠনের নেতারা।
উপজেলার খবর থেকে আরো পড়ুন