প্রকাশিত: ১৫ আগস্ট, ২০২৬ ১৯:৪২
শিশুদের ফুটবল খেলা নিয়ে বিরোধ
তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের অতর্কিত হামলায় আল আমিন (৩৮) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচজন। শনিবার দুপুরে উপজেলার বালিয়াঘাট গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আল আমিন ওই গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে।
পুলিশ ও নিহতের স্বজন সূত্রে জানা গেছে, গত শুক্রবার বিকালে শিশুদের ফুটবল খেলার সময় আল আমিনের ভাগনের পায়ে প্রতিপক্ষ আব্দুল লতিফের ছেলের জোরে বল আঘাত করে। এতে ক্ষিপ্ত হয়ে তার ভাগনে ওই শিশুটিকে চড় মারে। এ ঘটনার পর শিশুটি বাড়িতে গিয়ে ঘটনা জানালে আব্দুল লতিফের পক্ষের লোকজন হুমকি—ধামকি দিতে থাকে। পরবর্তীতে বিষয়টি মীমাংসার জন্য রাতে স্থানীয় বাজারে গেলে আল আমিনের ছোট ভাই জুয়েল মিয়াকে মারধর করা হয়।
এরই ধারাবাহিকতায় শনিবার দুপুর ১২টার দিকে ১৫—২০ জনের এক দল লোক দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আল আমিনের বাড়ির সামনে গিয়ে গালিগালাজ শুরু করে। আল আমিন বাইরে বের হয়ে প্রতিবাদ জানালে হামলাকারীরা বাড়িতে ঢুকে পড়ে এবং দেশীয় অস্ত্র দিয়ে তার মাথায় ও শরীরে অতর্কিত আঘাত করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের ভাই জুয়েল মিয়া অভিযোগ করেন, আব্দুর নুর, আব্দুল লতিফ, আব্দুল কুদ্দুসসহ ১৫—২০ জন পরিকল্পিতভাবে আমাদের বাড়িতে হামলা চালিয়ে আমার ভাইকে রামদা দিয়ে কুপিয়ে হত্যা করেছে। আমরা এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার চাই।
তাহিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নওশাদ আহমেদ জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই আল আমিনের মৃত্যু হয়েছে। তার মাথা ও শরীরে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। হামলায় আহত অপর তিনজনকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ জানান, হাসপাতাল থেকে নিহত হওয়ার বিষয়টি থানায় অবহিত করার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
উপজেলার খবর থেকে আরো পড়ুন