প্রকাশিত: ১৫ আগস্ট, ২০২৬ ২৩:১১
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে সব স্তরে নারীর কার্যকর ও অর্থবহ প্রতিনিধিত্ব নিশ্চিত করতে রাজনৈতিক দল, সুশীল সমাজ এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগের আহ্বান জানানো হয়েছে। শনিবার সকালে শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত ‘গণতন্ত্রকে শক্তিশালীকরণ কার্যক্রম: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে নারীর প্রতিনিধিত্ব—প্রত্যাশা ও করণীয়’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে বক্তারা এ আহ্বান জানান। ‘বিকশিত নারী নেটওয়ার্ক’—এর আয়োজনে এবং ‘দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ’—এর সহযোগিতায় বৈঠক হয়।
জেলা বিকশিত নারী নেটওয়ার্কের সভাপতি আয়শা সিদ্দিকার সভাপতিত্বে এবং দিরাই পিএফজির সমন্বয়কারী সামছুল ইসলাম সরদার খেজুরের সঞ্চালনায় বৈঠকে স্বাগত বক্তব্য দেন জেলা সুজনের সাধারণ সম্পাদক ফজলুল করিম সাঈদ। বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন দি হাঙ্গার প্রজেক্টের প্রতিনিধি কুদরত পাশা।
অতিথি হিসেবে বক্তব্য দেন ন্যাশনাল ফোরাম অন ফেইথ অ্যান্ড হারমনি জেলা কমিটির সমন্বয়ক মাওলানা নূর হোসাইন, দিরাই উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান দোলন রানী তালুকদার, জামালগঞ্জ উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মারজানা ইসলাম শিবনা, বিশ্বম্ভরপুর পিএফজির সমন্বয়কারী ফুলমালা এবং জামালগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নাজিম উদ্দিন।
বৈঠকে ইউনিয়ন পরিষদে অন্তত ৩০ শতাংশ চেয়ারম্যান পদে নারী প্রার্থী মনোনয়ন। উপজেলা ও জেলা পরিষদে অন্তত ২০ শতাংশ চেয়ারম্যান পদে নারী প্রার্থী মনোনয়ন এবং পৌরসভা ও সিটি করপোরেশনে নারী মেয়র প্রার্থী মনোনয়নসহ সাধারণ সদস্য ও কাউন্সিলর পদে অন্তত এক—তৃতীয়াংশ (৩৩%) নারী প্রার্থী নিশ্চিত করার দাবি জানানো হয়।
আলোচনায় অংশ নেন সুরমা ইউনিয়ন পরিষদের সদস্য মাজেদা খাতুন, ভীমখালী ইউনিয়ন পরিষদের সদস্য আলেয়া বেগম, গৌরারং ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য প্রতিমা রানী, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী জিয়াসমিন, নারীনেত্রী রোসনা আক্তার তৃষ্ণা, রীনা আক্তার, ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী মুছিহুর রহমান রাসেল, ইয়ুথ সমন্বয়ক ইয়াহইয়া হাসান, নাজিয়া সরদার, সামছুল কবির, দূরপতি, তুর্য দাস, অনন্যা ও শবনম দোজা জ্যোতি।
উপজেলার খবর থেকে আরো পড়ুন