প্রকাশিত: ১৫ আগস্ট, ২০২৬ ২৩:০৫
সুনামগঞ্জের হাওর ও নদী দূষণ প্রতিরোধে কার্যকর ও সমন্বিত উদ্যোগ নেওয়ার তাগিদ দিয়েছেন স্থানীয় সুশীল সমাজ, পরিবেশবাদী ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা। শনিবার দুপুরে শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে ‘সুনামগঞ্জ জনউদ্যোগ’ এর আয়োজনে অনুষ্ঠিত এক গোলটেবিল বৈঠকে এ তাগিদ দেওয়া হয়।
সুনামগঞ্জ জনউদ্যোগের আহ্বায়ক সুখেন্দু সেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব সাইদুর রহমান আসাদের সঞ্চালনায় বৈঠকে স্থানীয় প্রতিনিধিরা হাওর ও নদীর বর্তমান সংকট তুলে ধরেন।
বক্তারা বলেন, অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা, নদীতে সরাসরি ময়লা—আবর্জনা ফেলা এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও বাসাবাড়ির বর্জ্য ড্রেন ও নদী—হাওরে নিক্ষেপের ফলে এসব প্রাকৃতিক উৎস মারাত্মকভাবে দূষিত হচ্ছে। জলজ জীববৈচিত্র্য ও মৎস্যসম্পদ চরম হুমকির মুখে পড়েছে। একই সঙ্গে স্থানীয়দের স্বাস্থ্য, কৃষি ও জীবন—জীবিকার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।
হাওর ও নদীর ওপর এ অঞ্চলের কৃষি, মৎস্য আহরণ, নৌযান চলাচল ও পর্যটন খাত প্রত্যক্ষভাবে নির্ভরশীল উল্লেখ করে বক্তারা হাওর ও নদীর অস্তিত্ব রক্ষায় বক্তারা কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। এগুলো হলো— কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলা এবং নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা। হাওর ও নদীতে আবর্জনা ফেলা বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ। সরকারি—বেসরকারি প্রতিষ্ঠান, ব্যবসায়ী সমিতি, পরিবেশবাদী সংগঠন, হাউসবোট ও পর্যটন সংশ্লিষ্ট ব্যক্তি এবং স্থানীয়দের যৌথভাবে কাজ করা এবং সাধারণ মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি করা।
বৈঠকে বক্তব্য দেন সুনামগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী আশরাফুল ইসলাম কয়েস, সুনামগঞ্জ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাহেদ হাসান, উকিলপাড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাকির হোসেন শাহীন, মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি জিল্লুর রহমান ও সাধারণ সম্পাদক আল আমিন, সুনামগঞ্জ পরিবেশ রক্ষা আন্দোলনের সভাপতি এ.কে.এম. আবু নাসার ও সাধারণ সম্পাদক আবু সাঈদ, হাওর ও নদী রক্ষা আন্দোলনের সাধারণ সম্পাদক ওবায়দুল হক মিলন, জনউদ্যোগের সদস্য জাহাঙ্গীর আলম এবং হাউসবোট ওনার্স অ্যাসোসিয়েশনের সদস্য অমিত রায়।
উপজেলার খবর থেকে আরো পড়ুন