প্রকাশিত: ১৫ আগস্ট, ২০২৬ ২৩:০৭
ছাতকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৭ বোতল বিদেশী মদসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব—৯। শনিবার (১৫ আগস্ট) রাতে র্যাব—৯, সিপিসি—৩ (সুনামগঞ্জ ক্যাম্প)—এর একটি আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে।
অভিযানে গ্রেপ্তারকৃতরা হলেন— ছাতক উপজেলার বড় কাপন গ্রামের ফরিদ আলীর ছেলে বরকত আলী (৩৯) এবং একই গ্রামের মৃত আমির আলীর ছেলে আছির আলী (৫০)।
র্যাব সূত্রে জানা যায়, শনিবার রাত আনুমানিক ২টা ৫ মিনিটে শান্তিগঞ্জ থানাধীন পাগলা বাজারে অবস্থানকালে র্যাব খবর পায় যে, ছাতক থানার জাউয়া বাজার এলাকার একটি বসতবাড়ির পেছনে কতিপয় ব্যক্তি মাদক বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। সংবাদ পেয়ে রাত আড়াইটায় র্যাবের আভিযানিক দলটি ঘটনাস্থলে পৌঁছায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে ওই ২ জনকে আটক করা হয়। পরবর্তীতে তাদের কাছে থাকা একটি হলুদ রঙের প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ১৭ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানায়, তারা সীমান্তবর্তী এলাকা থেকে এসব বিদেশী মদ সংগ্রহ করে বিক্রয়ের জন্য নিজেদের হেফাজতে রেখেছিল।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিলেট র্যাব—৯ এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে. এম শহিদুল ইসলাম সোহাগ জানান, আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত আসামি ও জব্দকৃত আলামত ছাতক থানায় হস্তান্তর করা হয়েছে। একই সাথে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮—এর সংশ্লিষ্ট ধারায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে র্যাব—৯—এর এই অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
উপজেলার খবর থেকে আরো পড়ুন