জমি লিখে না দেওয়ায় ৫০ হাজার টাকার চুক্তিতে বৃদ্ধকে হত্যা, গ্রেপ্তার ৩

প্রকাশিত: ১৬ আগস্ট, ২০২৬ ১৭:৫৭

দোয়ারাবাজারে জমি লিখে না দেওয়ায় মোহাম্মদ আলী (৭৫) নামে এক বৃদ্ধকে ৫০ হাজার টাকার চুক্তিতে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। উপজেলার নরসিংপুর ইউনিয়নের সোনাপুর গ্রামে নিজ শয়নকক্ষে ঘুমন্ত অবস্থায় গত ১৪ আগস্ট রাতে এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের নাতনি মোছা. আছমা বেগম বাদী হয়ে দোয়ারাবাজার থানায় একটি মামলা দায়ের করেছেন।

 


মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক জমি নিয়ে পুত্রবধূ হোসনা বেগম ও সৌদিআরব প্রবাসী ছেলে ইসমাইল মিয়ার সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল মোহাম্মদ আলীর। তিনি জমি লিখে দিতে অস্বীকৃতি জানালে হোসনা বেগম ৫০ হাজার টাকার চুক্তিতে রুহুল আমিন নামের এক যুবকের মাধ্যমে এই হত্যাকাণ্ডের পরিকল্পনা করেন। ঘটনার রাতে হোসনা বেগম ঘরের পেছনের দরজা খুলে দিলে রুহুল আমিন, নজরুল ইসলাম ও জিয়াউর রহমান ভেতরে ঢুকে ঘুমন্ত বৃদ্ধের গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে তাকে হত্যা করেন।
পরদিন ঘটনাটিকে স্বাভাবিক মৃত্যু হিসেবে চালিয়ে দাফনের চেষ্টা করা হলেও নিহতের মুখে রক্ত ও গলায় কালো দাগ দেখে স্থানীয়দের সন্দেহ হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। পরবর্তীতে দোয়ারাবাজার থানার এসআই আমির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে অভিযুক্ত পুত্রবধূ হোসনা বেগম (৩৮), রুহুল আমিন (২২) ও নজরুল ইসলামকে (২০) গ্রেপ্তার করে।

 


দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার জানান, গ্রেপ্তার তিন আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার