প্রকাশিত: ২০ আগস্ট, ২০২৬ ১৭:৩৮
হাওর ও নদীর পরিবেশ রক্ষা এবং জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্য নিয়ে সুনামগঞ্জে দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান পরিচালিত হয়েছে। সামাজিক সংগঠন ‘হাওর ও নদী রক্ষা আন্দোলন’—এর উদ্যোগে জেলাজুড়ে একদিনেই ২ হাজার ৬০০টি ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ এবং সাধারণ মানুষের মাঝে বিতরণ করা হয়।
সংগঠনটির জেলা কমিটি, ১২টি উপজেলা এবং ২৬টি ইউনিয়ন কমিটির যৌথ ব্যবস্থাপনায় এই কর্মসূচি বাস্তবায়িত হয়। দিনব্যাপী এ অভিযানে জেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, ধর্মীয় প্রতিষ্ঠান এবং ব্যস্ততম জনবহুল এলাকায় চারা রোপণ করা হয়। এতে সংগঠনের সদস্য ও স্বেচ্ছাসেবকদের পাশাপাশি বিপুল সংখ্যক শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে ‘হাওর ও নদী রক্ষা আন্দোলন’—এর সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি মো. রাজু আহমেদ বলেন, হাওর ও নদ—নদীর অস্তিত্ব রক্ষার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। মূলত পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনা, দুর্যোগের ঝুঁকি কমানো এবং স্থানীয় জীববৈচিত্র্য সংরক্ষণের তাগিদ থেকেই আমাদের এই উদ্যোগ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা অধ্যক্ষ মহিবুল ইসলাম, সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এ কে এম আজাদ মিয়া, সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা রহমান এবং শহর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিভা বড়ালসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের জেলা কমিটির সহসভাপতি মো. মুজাহিদুল ইসলাম মজনু ও ওবায়দুল মুন্সী, সাধারণ সম্পাদক মো. ওবায়দুল হক মিলন, বাঁধ বিষয়ক সম্পাদক শাহাজাহান সিদ্দিক, মহসিন আলম, পৌর কমিটির আহ্বায়ক আকিফুজ্জামান রিপন এবং জেলা কমিটির সদস্য কর্ণবাবু দাস, গিলেমান আলম ও নুরজাহান নুরী প্রমুখ।
আয়োজকরা জানান, সুনামগঞ্জ সদরসহ পুরো জেলার সকল উপজেলায় একযোগে এই চারা রোপণ ও বিতরণ করা হয়েছে। কর্মসূচিটি শুধু চারা বিতরণের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না; রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যা ও সার্বিক সুরক্ষা নিশ্চিত করতে স্থানীয় তরুণদের সমন্বয়ে একটি বিশেষ তদারকি টিম গঠন করা হয়েছে।
হাওর, নদী ও সামগ্রিক পরিবেশ সুরক্ষায় ভবিষ্যতে বৃক্ষরোপণের পাশাপাশি আরও নানা ধরনের সচেতনতামূলক ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের নেতৃবৃন্দ।
উপজেলার খবর থেকে আরো পড়ুন