প্রকাশিত: ২০ আগস্ট, ২০২৬ ১৭:৪০
শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের বিশিষ্ট মুরুব্বি (রায়পুর মহাজন বাড়ি), হযরত আবু বকর সিদ্দিক (রা.) হাফিজিয়া মাদ্রাসার উপদেষ্টা এবং শান্তিগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি আনোয়ার বেগ (৮০) আর নেই। বুধবার দিবাগত রাত সোয়া ৩টায় পাগলা ইসলামপুর গ্রামে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি ২ ছেলে, ৩ মেয়ে, নাতি—নাতনিসহ অসংখ্য আত্মীয়—স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার বেলা ১১টায় পাগলা রায়পুর বড় জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় রাজনৈতিক, সামাজিক ও স্থানীয় সুশীল সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গসহ হাজারো ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন।
জানাজায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক আহমদ, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ—সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. আনছার উদ্দীন এবং পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জগলুল হায়দার। শান্তিগঞ্জ উপজেলা সমবায় অফিসার রুহুল হাসান, সমাজসেবী আব্দুল হেকিম, উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি ডা. শাকিল মুরাদ আফজাল, শান্তিগঞ্জ প্রেসক্লাবের উপদেষ্টা মাওলানা কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ, দপ্তর সম্পাদক জামিউল ইসলাম তুরান। পাগলা জামেয়া ইসলামিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা শফিক আহমদ, সাবেক শিক্ষক মাওলানা আব্দুল হামিদ এবং হাফিজ সাইদ আহমদ, মরহুমের জ্যেষ্ঠ পুত্র মাহমুদ আনোয়ার দিপু, সমাজসেবী মাহমুদুল ইসলাম লালন, বিএনপি নেতা কামাল পারভেজ সাজন, মুরাদ আহমদ ও বজলুর রহমানসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
জানাজা শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয় এবং স্থানীয় কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।
উপজেলার খবর থেকে আরো পড়ুন