প্রকাশিত: ২০ আগস্ট, ২০২৬ ১৮:১৬
বোগলাবাজারে দুর্ধর্ষ চুরি
দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজারে আরিফ টেলিকম অ্যান্ড ইলেকট্রনিক্সের দোকানে দুর্ধর্ষ চুরির মামলায় তিনজনকে চার বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১৯ আগস্ট) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. এমদাদ এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলো—বোগলাবাজার ইউনিয়নের বাঘাহানা গ্রামের মৃত. জুলমত আলীর ছেলে সোহাগ মিয়া ও আইবুল হোসেন এবং বাংলাবাজার ইউনিয়নের কিরণপাড়া গ্রামের মৃত. মুছলেম উদ্দিনের ছেলে ইসমাইল হোসেন।
মামলা সূত্রে জানা যায়, ২০২০ সালের ১৮ মে সোমবার ভোর সাড়ে ৫টার দিকে বোগলাবাজারের আরিফ টেলিকম সেন্টারে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় দোকান থেকে বিভিন্ন মালামাল চুরি হয়। দোকানের মালিক শরিফ খান দাবি করেন প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে। পরে তিনি এই ঘটনায় দোয়ারাবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। মামলায় মোট আটজনকে অভিযুক্ত করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্য—প্রমাণ ও অন্যান্য বিষয় পর্যালোচনা শেষে আদালত অভিযুক্তদের মধ্যে তিনজনকে চার বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন।
বাদী পক্ষের আইনজীবী চাঁন মিয়া বলেন, রায়ে সত্যের বিজয় হয়েছে। আমরা আদালতের এই রায়ে সন্তুষ্ট।
উপজেলার খবর থেকে আরো পড়ুন