প্রকাশিত: ২৩ আগস্ট, ২০২৬ ১৭:১৩
সুনামগঞ্জ-সাচনা সড়কের গাছ কাটা স্থগিত
সুনামগঞ্জ-সাচনা সড়কের ১৯ কিলোমিটার এলাকায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জায়গায় থাকা প্রায় সাড়ে চার হাজার গাছ কাটার ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একই সাথে সাচনা বাজার এলাকায় সব ধরনের গাছ কাটা স্থগিত ঘোষণা করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান। জেলা প্রশাসক বলেছেন, এই সড়কে গাছ কাটার বিষয়ে এই সংক্রান্ত জেলা কমিটিতে কোন সিদ্ধান্ত হয় নি। রোববার দুপুরে জেলা প্রশাসক গণমাধ্যম কর্মীদের এই বিষয়ে অবহিত করেন। এছাড়াও গাছ কাটার বিষয়টি কোন প্রক্রিয়ায় হয়েছে, কী ধরণের গাছ কাটা হয়েছে এসব বিষয় যাচাইয়ের জন্য অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তাপস শীলকে আহ্বায়ক এবং সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী ও পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালককে সদস্য করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।
সুনামগঞ্জ- সাচনা বাজার সড়কে গাছ কর্তন নিয়ে স্থানীয়রা ক্ষুব্ধ হলে বন বিভাগ, সওজ এবং পরিবেশ আন্দোলনের প্রতিনিধিদের নিয়ে রোববার বৈঠক ও ভিডিও কনফারেন্স করা হয়। সওজ-এর নির্বাহী প্রকৌশলী এসময় স্পষ্ট করেছেন, যে সেখানে সড়ক প্রশস্থকরণের কোনো প্রকল্প বা নির্দেশনা তাদের নেই। ফলে গাছ কাটার বিষয়টি স্থগিত রাখা হয়েছে এবং কেন অনুমতি ছাড়া গাছ কাটার উদ্যোগ নেওয়া হয়েছিল, তা খতিয়ে দেখতে তদন্ত কমিটিকে দ্রুত প্রতিবেদন দিতে বলা হয়েছে।
তিনি জানান, জেলা কমিটি ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে একটি সভা করেছিল এবং সেই সভার কার্যবিবরণীর সূত্র ধরেই গাছ কাটার বিষয়টি সূচিত হয়েছিল। তবে সাচনা বাজারের অংশটি কাটার ব্যাপারে জেলা কমিটির কোনো সিদ্ধান্ত ছিল না, যা আমরা কার্যবিবরণী পর্যালোচনা করেই নিশ্চিত হয়েছি। এমনকি সওজ কর্তৃপক্ষও এ বিষয়ে কোনো সুপারিশের কথা অস্বীকার করেছে এবং বন বিভাগও কোনো বৈধ প্রমাণ উপস্থাপন করতে পারে নি।
তাই এই অসংগতিপূর্ণ ও অননুমোদিত গাছ কাটার কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখার পাশাপাশি-কারা, কোন উদ্দেশ্যে এবং কেন জেলা কমিটির সিদ্ধান্তের বাইরে গিয়ে গাছ কাটতে গিয়েছিল, তা খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। গঠিত তদন্ত কমিটি খুব দ্রুত ঘটনার মূল কারণ উদঘাটন করে জেলা প্রশাসনের কাছে তাদের প্রতিবেদন দাখিল করবে।
২০০৪ সালে সামাজিক বনায়নের আওতায় এই সড়কে প্রায় ২০ হাজার গাছ লাগানো হয়। পরিবেশকর্মী ও স্থানীয় বাসিন্দাদের মতে, ছায়াবৃক্ষগুলো পরিবেশ ও মানুষের জীবন রক্ষায় জরুরি। শনিবার 'হাওর ও নদী রক্ষা আন্দোলন'-এর ব্যানারে বৃক্ষ হত্যা বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
উপজেলার খবর থেকে আরো পড়ুন