প্রকাশিত: ২৩ আগস্ট, ২০২৬ ১৮:৪১
তাহিরপুরে চলন্ত হাউসবোট থেকে বৌলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার দুইদিন পর শিশু রুকাইয়া নূরের (১০) ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার সকালে উপজেলার বালিজুড়ি ইউনিয়নের পিরোজপুর গ্রামের দক্ষিণে বৌলাই নদী থেকে তার লাশ উদ্ধার করেন স্থানীয়রা। নিহত রুকাইয়া নূর ফরিদপুরের কোতোয়ালি থানার গল চামোট ২ নম্বর সড়ক এলাকার চিকিৎসক ডা. শাহনুর রহমানের মেয়ে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রুকাইয়াসহ প্রায় ২০ জনের একটি পর্যটক দল ‘সাফিনা এ লাক্সারী ওয়াটার ভিলা’ নামের একটি হাউসবোটে করে মধ্যনগর থেকে টাঙ্গুয়ার হাওর ও তাহিরপুরের বিভিন্ন দর্শনীয় স্থানে ঘুরতে যান। শুক্রবার (২১ আগস্ট) দুপুরে হাউসবোটটি যাদুকাটা নদীর উদ্দেশ্যে রওনা হয়। বিকাল পৌনে ৩টার দিকে দক্ষিণকুল গোদারাঘাট এলাকায় পৌছালে চলন্ত হাউসবোট থেকে হঠাৎ বৌলাই নদীতে পড়ে যায় রুকাইয়া।
ঘটনার পরপরই বোটে থাকা পর্যটক ও স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন। খবর পেয়ে বিকেল ৪টার দিকে সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করলেও তার কোনো সন্ধান পায়নি। নিখোঁজের দুইদিন পর রবিবার সকালে পিরোজপুর এলাকায় নদীতে রুকাইয়ার মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমদ বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে শিশুর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
উপজেলার খবর থেকে আরো পড়ুন