প্রকাশিত: ২৭ আগস্ট, ২০২৬ ১৭:৫১
সু.খবর ছবি
সুনামগঞ্জের তাহিরপুরে টাঙ্গুয়ার হাওরে ভ্রমণে এসে নিখোঁজ হওয়ার তিন ঘণ্টা পর আব্দুল মাজেদ পিকলু (২৪) নামের এক পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের লামাগাঁও বাজারের পাশে মানাই নদীতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল মাজেদ পিকলু রাজশাহী সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের মধ্যনওদাপাড়া এলাকার বন বিভাগকর্মী নুরুল ইসলাম বাবুর ছেলে। তিনি রাজশাহীর মোহনপুর সরকারি ডিগ্রি কলেজের স্নাতক তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ জানায়, সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা থেকে পিকলুসহ ১০ জন পর্যটক একটি নৌকা ভাড়া করে টাঙ্গুয়ার হাওরে ভ্রমণের উদ্দেশ্যে রওনা হন। যাওয়ার পথে সকাল ১০টার দিকে তাহিরপুর উপজেলার লামাগাঁও বাজারের পাশে মানাই নদীতে নৌকাটি নোঙর করা হয়। নৌকার আরোহীদের কয়েকজন বাজারে কেনাকাটা করতে যান এবং অন্যরা নদীতে গোসল করতে নামেন। এ সময় নৌকা থেকে নদীতে লাফ দেওয়ার পর পিকলু আর ভেসে ওঠেননি। স্থানীয় লোকজন ও তার বন্ধুরা প্রায় তিন ঘণ্টা উদ্ধার তৎপরতা চালিয়ে দুপুর ১টায় তার মরদেহ উদ্ধার করেন।
দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহমেদ মুরাদ জানান, পর্যটকেরা টাঙ্গুয়ার হাওরে পৌঁছানোর আগেই এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন। স্থানীয়দের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করা সম্ভব হয়েছে।
তাহিরপুর থানার ওসি ফারুক আহমদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। মরদেহটি নৌকাসহ তাহিরপুর থানায় বিকাল ৪ টায় নিয়ে আসা হয়েছে।
উপজেলার খবর থেকে আরো পড়ুন