প্রকাশিত: ২৭ আগস্ট, ২০২৬ ১৮:৪২
বিশ্বম্ভরপুরে মাসিক আইনশৃঙ্খলা সভায় বক্তারা
সু.খবর ছবি
বিশ্বম্ভরপুরে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সাম্প্রতিক সময়ে বৃদ্ধি পাওয়া মাদকদ্রব্যের অপব্যবহার, মানবপাচার, আদম ব্যবসা, হজ ও ওমরাহযাত্রীদের নিয়ে দালাল চক্রের প্রতারণা, চুরি ও গরু চুরি এবং মিছাখালী রাবার ড্যামের নিরাপত্তাসহ জনগুরুত্বপূর্ণ নানা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সকিনা আক্তার।
সভায় সাম্প্রতিক সময়ের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় ও কঠোর ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। আলোচনা পর্বে বাদাঘাট দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ছবাব মিয়া মিছাখালী রাবার ড্যামের বর্তমান সুরক্ষা ব্যবস্থা নিয়ে উদ্বেগ ও হতাশা প্রকাশ করেন।
এছাড়া বিশ্বম্ভরপুর প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন জানান, আগামী ৪ সেপ্টেম্বর (শুক্রবার) সনাতন ধর্মাবলম্বীদের শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব অনুষ্ঠিত হবে। দিবসটি উপলক্ষে উপজেলা সদরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। তিনি উপস্থিত সকলকে এতে অংশ নেওয়ার আমন্ত্রণের পাশাপাশি অনুষ্ঠানটি শান্তিপূ্র্ণভাবে সম্পন্নের লক্ষ্যে প্রশাসনের সার্বিক নিরাপত্তা সহায়তা কামনা করেন।
সভায় আরও বক্তব্য রাখেন নবযোগদানকৃত অফিসার ইনচার্জ (ওসি) আহমাদুল্লাহ ভূঁইয়া, উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান আশিক, ফতেপুর ইউপি চেয়ারম্যান ফারুক আহমেদ, পলাশ ইউপির প্যানেল চেয়ারম্যান স্বপন পাল, সলুকাবাদ ইউপির প্যানেল চেয়ারম্যান আব্দুল হাসিম, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ, বিএনপি নেতা সৈয়দ রমিজ উদ্দিন, মো. নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা প্রতিনিধি সৈয়দ জসিম উদ্দিন, মহিলা দল নেত্রী মদিনা আক্তার, খাদ্য পরিদর্শক প্রাণেশ লাল বিশ্বাস এবং বিএনপি নেতা আব্দুল হাই।
উপজেলার খবর থেকে আরো পড়ুন