প্রকাশিত: ২৭ আগস্ট, ২০২৬ ২২:৫২
টাঙ্গুয়ার হাওর রক্ষায় কঠোর জেলা প্রশাসন
রামসার সাইট টাঙ্গুয়ার হাওরের সংবেদনশীল পরিবেশ, মৎস্যসম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় কঠোর অবস্থান নিয়েছে জেলা প্রশাসন। অনিয়ন্ত্রিত পর্যটন ও অবৈধ মাছ শিকার বন্ধে হাওরের মৎস্য অভয়াশ্রমগুলোতে নজরদারি বৃদ্ধির পাশাপাশি নিষিদ্ধ কারেন্ট জাল, চায়না দুয়ারীসহ সব ধরনের অবৈধ সরঞ্জাম ও প্লাস্টিক বর্জ্য উদ্ধারের পর তা ধ্বংস করার সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘টাঙ্গুয়ার হাওর সুরক্ষা কার্যক্রম বাস্তবায়ন ও পরীক্ষণ কমিটি’র সভায় এই সিদ্ধান্তগুলো গৃহীত হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান খানের সঞ্চালনায় সভায় হাওরের প্রতিবেশগত সংকট নিরসনে বিশদ আলোচনা করা হয়।
সভায় জানানো হয়, খুব শিগগিরই পরিবেশ অধিদপ্তরের সমন্বয়ে হাওর এলাকায় নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। এসময় জব্দকৃত কারেন্ট জাল, চায়না দুয়ারীসহ সব অবৈধ সরঞ্জাম ও প্লাস্টিক বর্জ্য আগুনে পুড়িয়ে ধ্বংস করা হবে। গ্রামে গ্রামে চায়না দুয়ারী জালের ব্যবহার রুখতে স্থানীয়দের নিয়ে প্রতিরোধ কমিটি গঠন করা হবে। হাওরের পরিবেশ রক্ষায় স্থানীয় জনগোষ্ঠী ও ঘুরতে আসা পর্যটকদের মধ্যে ব্যাপক প্রচার—প্রচারণা চালানো হবে।
সভায় জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান বলেন, টাঙ্গুয়ার হাওর শুধু সুনামগঞ্জের নয়, এটি সমগ্র বাংলাদেশের অমূল্য প্রাকৃতিক সম্পদ। হাওরের জীববৈচিত্র্য রক্ষায় কাউকেই ছাড় দেওয়া হবে না। প্রশাসন, স্থানীয় জনগণ ও পর্যটকদের সম্মিলিত সচেতনতাই হাওরকে রক্ষা করতে পারে।
সভায় আরও বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক তাপস শীল, অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান রাসেল, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হক ও রেঞ্জ বন কর্মকর্তা রিয়াজ উদ্দীন।
এছাড়া পরিবেশ ও সামাজিক সংগঠনের প্রতিনিধিদের পক্ষে বক্তব্য রাখেন পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাশমির রেজা, হাওর বাঁচাও আন্দোলনের সহ—সভাপতি ইয়াকুব বখ্ত বহলুল, হাউস—এর নির্বাহী পরিচালক সালেহীন চৌধুরী শুভ, সুনামগঞ্জ পরিবেশ রক্ষা আন্দোলনের সভাপতি আবু নাসার, টাঙ্গুয়ার হাওর কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি বজলুর রহমান, সমবায় সমিতির সাধারণ সম্পাদক নুর আলম এবং সিএনআরএস—এর সমন্বয়কারী সাইফুল চৌধুরী।
উপজেলার খবর থেকে আরো পড়ুন