প্রকাশিত: ২৮ আগস্ট, ২০২৬ ১৮:৪৪
জেলায় পৃথক দুইটি এলাকায় অভিযান চালিয়ে ১৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব—৯। গ্রেপ্তারকৃতরা হলো— হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ডোলনা গ্রামের মৃত হাবিবুর রহমান ছগিরের ছেলে মো. জসিম উদ্দিন উজ্জ্বল (৩০) এবং একই উপজেলার গনকিরপাড় গ্রামের মো. রফিক মিয়ার ছেলে মো. সোহান মিয়া (২৩)।
র্যাব জানায়, বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব—৯, সিপিসি—৩ (সুনামগঞ্জ) এর একটি দল শান্তিগঞ্জ উপজেলার উজানীগাঁও এলাকায় সুনামগঞ্জ—সিলেট মহাসড়কে চেকপোস্ট বসায়। এ সময় ‘মস্কোট পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৮ কেজি গাঁজাসহ জসিম উদ্দিন উজ্জ্বলকে আটক করা হয়।
একই দিন দুপুর সোয়া ১২টার দিকে অপর এক অভিযানে সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের লালপুর এলাকায় সুনামগঞ্জ—বিশ্বম্ভরপুর সড়কে চেকপোস্ট পরিচালনা করে র্যাব। এ সময় একটি সিএনজি অটোরিকশায় তল্লাশি চালিয়ে ৭ কেজি গাঁজাসহ সোহান মিয়াকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানায়, তারা সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিল।
র্যাব—৯ এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে র্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উপজেলার খবর থেকে আরো পড়ুন