প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর, ২০২৬ ২২:৩৩
বিশ্বম্ভরপুর উপজেলায় এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ—৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সকিনা আক্তার। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার মোট ২৭ জন জিপিএ—৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সকিনা আক্তার কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, তোমরাই দেশ ও জাতির ভবিষ্যৎ। সমৃদ্ধ দেশ গঠনে তোমাদের আরও উচ্চশিক্ষা অর্জন করতে হবে। কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদের সুনাগরিক হিসেবে গড়ে তুলে দেশের সেবায় আত্মনিয়োগ করতে হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আসাদুজ্জামান, উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান আশিক, বাদাঘাট দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট ছবাব মিয়া, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আবু রায়হান এবং প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন। শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হারুনুর রশিদ ও সহকারী শিক্ষক শাহ আলম। অভিভাবক প্রতিনিধি হিসেবে বক্তব্য দেন শহিদুল ইসলাম।
এছাড়া কৃতী শিক্ষার্থীদের পক্ষ থেকে নিজেদের অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সুবহানাল বিনতে সহিদ, সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সিয়াম মাহদী এবং ধনপুর আছমত আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী নওরীন আক্তার পুষ্প।
উপজেলার খবর থেকে আরো পড়ুন