প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর, ২০২৬ ২৩:০৬
শান্তিগঞ্জে পুলিশের কাছ থেকে হ্যান্ডকাফ পরা অবস্থায় পালিয়ে যাওয়া বহুল আলোচিত ও একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি আসির মিয়াকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার মাত্র ২৪ ঘণ্টার মাথায় বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে সুনামগঞ্জ শহরের পানসী রেস্টুরেন্ট থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত আসির মিয়া শান্তিগঞ্জ উপজেলার দামুদারতপি গ্রামের মৃত শফিক মিয়ার ছেলে। তাঁর বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর হামলাসহ একাধিক মামলা রয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে শান্তিগঞ্জ উপজেলার দামুদারতপি পয়েন্ট থেকে আসির মিয়াকে আটক করে পুলিশ। সেখানে তাকে হ্যান্ডকাফ পরানো হলে স্বজন ও স্থানীয় কয়েকজন জোরপূর্বক হ্যান্ডকাফের একাংশ ভেঙে পুলিশ সদস্যদের কাছ থেকে তাকে ছিনিয়ে নেন। পরবর্তীতে হাতে সেই ভাঙা হ্যান্ডকাফ ঝুলিয়ে ঝুলিয়েই ফেসবুক লাইভে এসে পালিয়ে যাওয়ার বিষযটি প্রচার করেন আসির। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ঘটনার পরপরই আসামিকে ধরতে সাঁড়াশি অভিযানে নামে পুলিশ। বৃহস্পতিবার রাতে সুনামগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) শাখার এসআই মাহমুদুল হাসান, এসআই মুকুল খান, এএসআই খাদেম, এএসআই রোশন এবং সদর থানার এসআই জহির হোসেনকে সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করেন সুনামগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ। একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে শহরের পানসী রেস্টুরেন্টে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সুনামগঞ্জ সদর থানার ওসি রতন সেখ জানান, বিশেষ কৌশলে অভিযান চালিয়ে পৌর শহরের একটি রেস্টুরেন্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তাকে সদর থানা হেফাজতে রাখা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
উপজেলার খবর থেকে আরো পড়ুন