হামের বিশেষ টিকা ক্যাম্পেন চলতি মাসেই শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:৪৮

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী। শুক্রবার সকালে।

চলতি মাসেই দেশব্যাপী হামের বিশেষ টিকা ক্যাম্পেন শুরু হচ্ছে বলেছে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, ‘সরকারের নৈপুণ্যে পর্যাপ্ত ভ্যাক্সিন আনা হয়েছে। ইতোমধ্যে রাঙামাটি, বান্দরবান ছাড়াও দেশের সব জেলায় হামের টিকা দেওয়া হয়েছে। চলতি মাসের শেষের দিকে হামের বিশেষ টিকা ক্যাম্পেন শুরু হবে।’

 


শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। সরেজমিন পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি জানান ছয় মাসের মধ্যে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সব সমস্যার সমাধান হবে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমি দায়িত্ব নেওয়ার পর ২৫ টির উপরে হাসপাতাল পরিদর্শন করেছি। সব জায়গায় চিকিৎসকদের শতভাগ উপস্থিতি ছিল। রোগীরাও বলছেন, এখন চিকিৎসার মান ও পরিবেশ উন্নত হয়েছে। খাবারের মানও ভালো হয়েছে। এখানের (ওসমানী হাসপাতালের) কী অবস্থা আমি জানি না, যদি কোনো সমস্যা থেকে থাকে, তাহলে ৬ মাসের মধ্যে সমাধান হবে।’

 


বিএনপি সরকার ক্ষমতায় আসায় স্বাস্থ্যখাতে পরিবর্তন এসেছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘সরকার ক্ষমতায় আসার পর স্বাস্থ্য খাতে পরিবর্তন এসেছে। গত ৬ মাসে দেশের সব হাসপাতালে চিকিৎসা সেবার মান বেড়েছে৷
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা, ড্রেনেজ ব্যবস্থা ও পরিচ্ছন্নতা প্রসঙ্গে মন্ত্রী বলেন, আগামী ৭ কর্মদিবসের মধ্যে এই হাসপাতালেও চিকিৎসকদের সময়মতো আসা—যাওয়া ও সঠিক ডিউটি নিশ্চিত করা হবে। ড্রেনেজ বা পরিচ্ছন্নতার কোনো ত্রুটি থাকলে তা আগামী সাত দিনের মধ্যে সমাধানের জন্য স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া সিলেটে নির্মাণাধীন ও অনুমোদিত অন্যান্য সরকারি হাসপাতালগুলোর কাজ দ্রুত শেষ করে শিগগিরই চালুর স্পষ্ট ঘোষণা দেন তিনি।

 


স্বাস্থ্যখাতের সীমাবদ্ধতার কথা স্বীকার করে মন্ত্রী উল্লেখ করেন, দেশে বর্তমানে প্রতি ১১ থেকে ১২ হাজার মানুষের জন্য মাত্র একজন চিকিৎসক ও একজন নার্স সেবা দিয়ে থাকেন। এই বিশাল জনগোষ্ঠীর বিপরীতে স্বাস্থ্যকর্মীরা দিনরাত অক্লান্ত পরিশ্রম করছেন। বিগত সময়ের অনিয়ম দূর করে জনগণের কাছে চিকিৎসা সেবা পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর।


স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জানান, নিয়মিত টিকাদান কর্মসূচির লক্ষ্যমাত্রার বাইরে থাকা শিশুদের জন্য বিশেষ ‘মপ—আপ’ ও জোরদার টিকাদান কর্মসূচি শুরু করা হয়েছে। অসচেতনতা ও তথ্যের অভাবের কারণে অনেক শিশু টিকা থেকে বাদ পড়ে। পূর্ববর্তী ক্যাম্পেইনে প্রায় ২ কোটি ৪০ লক্ষ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো এবং ১ কোটি ৮৫ লক্ষ লক্ষ্যমাত্রার বিপরীতে বিপুল সংখ্যক শিশুকে হাম—রুবেলাসহ বিভিন্ন টিকা দেওয়া হলেও কিছু শিশু বাদ পড়ে যায় এবং তাদের মাঝেই হামের ঝুঁকি দেখা দেয়।


গত ২০ মে মূল ক্যাম্পেইন শেষ হওয়ার পর ২১ মে থেকেই বাদ পড়া শিশুদের জন্য ‘মপ—আপ’ কর্মসূচি চালু করা হয়েছে। বিশেষ করে সিলেটসহ হাওর ও দুর্গম এলাকাগুলোতে লক্ষ্যমাত্রার বাইরেও হাজার হাজার নতুন শিশুকে টিকার আওতায় আনা হয়েছে। চলতি মাসের শেষ দিক থেকে পুন উদ্যামে এই বিশেষ টিকাদান অভিযান পরিচালিত হবে।

 


সরকারি হাসপাতালে রোগীদের বিভ্রান্ত করে ক্লিনিকে নিয়ে যাওয়া দালালচক্রের বিষয়ে মন্ত্রী কঠোর হুঁশিয়ারি দেন। তিনি জানান, সাধারণ মানুষকে প্রতারিত করা গুরুতর অপরাধ। এই চক্রকে নির্মূল করতে র‌্যাব, ডিজিএফআই ও এনএসআই—সহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে যৌথ অভিযান চালানো হচ্ছে। ঢাকা মেডিকেল ও সোহরাওয়ার্দী হাসপাতালসহ একাধিক স্থানে অভিযান চালিয়ে ইতোমধ্যে অসংখ্য দালালকে গ্রেপ্তার করা হয়েছে। বিগত ১৭ বছরে জমে থাকা প্রশাসনিক জট বা অনিয়ম রাতারাতি বা ৬ মাসে পুরোপুরি নির্মূল করা কঠিন হলেও স্বাস্থ্য খাতের শৃঙ্খলায় সরকার ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে। 
এর আগে সকালে হাসপাতালের সংশ্লিষ্ট কর্মকর্তা, ডাক্তার ও নার্সদের সাথে মতবিনিময় করেন তিনি। এ—সময় উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. জিয়াউর রহমান চৌধুরী, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনিরসহ সংশ্লিষ্টরা।

 

সিলেট থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার