প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর, ২০২৬ ২৩:০৭
সুনামগঞ্জ—১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল বলেছেন, বিগত ১৭ বছর ফ্যাসিস্টের বিরুদ্ধে যারা আন্দোলনে সামনের সারিতে ছিলেন, তারা আজ পিছনের সারিতে। যারা নির্বাচনের সময় ধানের শীষের পক্ষে সক্রিয়ভাবে কাজ করেছেন তারা অনেকেই পিছনের সারিতে। নতুনদের ভিড়ে পুরনো ত্যাগী কর্মীরা সামনের সারিতে আসতে পারছে না।
শনিবার জামালগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
কামরুজ্জামান কামরুল আরও বলেন, এই দিন দিন না, আরও দিন আছে। ত্যাগীদের মূল্যায়ন না করলে সামনের কঠিন সময়ে আন্দোলন করার মতো লোক পাবেন না। তাই দুঃসময়ের ত্যাগী নেতা কর্মীদের দলে মূল্যায়ন করুন।
তিনি আরও বলেন, দ্রুত গতিতে ইউনিয়ন কমিটি করে দলকে সুসংগঠিত করতে হবে। তৃণমূলে দলকে শক্তিশালী করতে হলে ত্যাগীদের মূল্যায়ন করতে হবে। উপজেলা বিএনপির আহবায়ক কমিটির উদ্দেশ্যে তিনি বলেন, তৃণমূলের নেতাকর্মীদের মনের ভাষা আপনাদের বুঝতে হবে। তাদের অবমূল্যায়ন করে দলকে কখনো সুসংগঠিত করা যাবে না। আপনারা সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে দলের সকল নেতাকর্মীদের নিয়ে কাজ করুন।
উপজেলা বিএনপির আহবায়ক মো. শফিকুর রহমানের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মোঃ আজিজুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলার ৬ টি ইউনিয়নের তৃণমুল নেতাকর্মীরা।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল মালিক, আজাদ হোসেন বাবলু, মাছুম মাহমুদ তালুকদার।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. আব্দুর রব, নূরুল হক আফিন্দী, সাবেক সিনিয়র সহ সভাপতি রফিকুল ইসলাম বিন বারী, সহ সভাপতি নূরুল আমিন তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক শাহ মো. শাহজাহান, উপজেলা যুবদলের আহবায়ক মোজাম্মেল হক স্বপন, সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুক মিয়া তালুকদার, উপজেলা কৃষকদলের আহবায়ক মোবারক হোসেন, সদস্য সচিব আসাদ নূর সাদী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ওয়াহিদুর রহমান, সদস্য সচিব জায়েদ আহমদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক তৌফিকুর রহমান, সদস্য সচিব আদনান আল ফয়েজ শুভ।
সাংগঠনিক সভা শেষে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সাথে পৃথকভাবে মতবিনিময় করেন সুনামগঞ্জ—১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।
উপজেলার খবর থেকে আরো পড়ুন