প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর, ২০২৬ ২৩:১০
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ৮ মাসে ১০৫৭টি অভিযান
সুনামগঞ্জে মাদক বিরোধী অভিযানে বিগত আট মাসে ব্যাপক সফলতা অর্জন করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। ২০২৬ সালের জানুয়ারি থেকে আগস্ট মাস পর্যন্ত জেলাজুড়ে মোট এক হাজার ৫৭টি অভিযান পরিচালনা করে সংস্থাটি। এসব অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অন্যান্য আলামত জব্দ করা হয়েছে, যার আনুমানিক মূল্য ৭৪ লাখ ২৯ হাজার ৬৫০ টাকা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয় সূত্রে জানা যায়, গেল আট মাসে মোট ১৯১ টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে নিয়মিত মামলা ৯৪টি এবং মোবাইল কোর্টের মাধ্যমে ৯৭টি মামলা রজু করা হয়। এসব অভিযানে মোট ২০৪ জন আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। এরমধ্যে ১৬৮ জন আসামিকে ঘটনাস্থল ও বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং ৩৬ জন আসামি বর্তমানে পলাতক রয়েছেন।
অভিযানে জব্দকৃত আলামতের মধ্যে রয়েছে— গাঁজা ১৪০ কেজি ৮৬৯ গ্রাম, আনুমানিক মূল্য ৪২ লাখ ২৬ হাজার ৭০ টাকা, ইয়াবা ১,১৮৯ পিস, আনুমানিক মূল্য ৫ লাখ ৯৪ হাজার ৫০০ টাকা, চোলাই মদ ৩০৬.২৫ লিটার, আনুমানিক মূল্য ৩ লাখ ৬ হাজার ২৫০ টাকা, ওয়াশ (মদ তৈরির উপকরণ) ৭ হাজার ৮০০ লিটার, আনুমানিক মূল্য ১৫ লাখ ৬০ হাজার টাকা, কেয়ারিউস কান্ট্রি লিকার (Carews Country Liquar) ৬০০ মিলিলিটার, আনুমানিক মূল্য ৬০০ টাকা, বিলাতি মদ ১৭ বোতল, আনুমানিক মূল্য: ১৭ হাজার টাকা, নগদ অর্থ ৮৫ হাজার ২৩০ টাকা, যানবাহন ৩টি, আনুমানিক মূল্য ৬ লাখ টাকা, মোবাইল সেট ৪টি, আনুমানিক মূল্য ৪০ হাজার টাকা।
অধিদপ্তরের তথ্যমতে, মোবাইল কোর্টের মাধ্যমে জব্দকৃত বেশ কিছু আলামত আইনগত প্রক্রিয়ায় ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছে। মাদকমুক্ত জেলা গড়ার লক্ষ্যে সুনামগঞ্জে এই ধরনের নিয়মিত ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে দপ্তরটি।
উপজেলার খবর থেকে আরো পড়ুন