ফলোআপ

আলেফরকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দিতে জেলা বিএনপির চিঠি

প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর, ২০২৬ ২৩:১৯

ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়ন বিএনপির সম্মেলন ঘিরে প্রার্থিতায় নতুন মোড় এসেছে। সভাপতি পদ থেকে মৌখিকভাবে সরিয়ে দেওয়া আলেফর খানকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিতে ধর্মপাশা উপজেলা বিএনপিকে চিঠি দিয়েছে জেলা বিএনপি। শনিবার সন্ধ্যায় জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ মিলন ও সদস্য সচিব অ্যাডভোকেট মো. আব্দুল হকের স্বাক্ষরিত চিঠিতে আলেফর খানকে সভাপতি পদে প্রার্থী হওয়ার সুযোগ দেওয়ার জন্য উপজেলা বিএনপিকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

 


চিঠিতে উল্লেখ করা হয়েছে, পাইকুরাটি ইউনিয়ন বিএনপির সম্মেলনে সভাপতি পদপ্রার্থী আলেফর খানের বিরুদ্ধে আওয়ামী লীগের এমপির সঙ্গে গলায় ফুলের মালা পরানোর বিষয়টি নিয়ে বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সহ—সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে আলোচনা করা হয়েছে। সামগ্রিক বিষয় বিবেচনা করে আলেফর খানকে সভাপতি পদে প্রার্থী হওয়ার সুযোগ দেওয়া যেতে পারে বলে তাঁরা মত দিয়েছেন। এ কারণে আলেফর খানকে সভাপতি পদে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দেওয়ার জন্য ধর্মপাশা উপজেলা বিএনপিকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে চিঠিতে।

 


এর আগে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততা ও বিএনপি বিরোধী কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগে আলেফর খানের প্রার্থিতা থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় ধর্মপাশা উপজেলা বিএনপি। তবে আলেফর খান অভিযোগ অস্বীকার করে দাবি করেছিলেন, তিনি কখনো আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না এবং তাঁকে নির্বাচন থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত ‘ষড়যন্ত্রের’ অংশ।

 


এদিকে পাইকুরাটি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মাহাবুব মোর্শেদ খোকন সভাপতি পদে প্রার্থী হয়ে বিতর্কে পড়েন। জেলা বিএনপির লিখিত নির্দেশনা অনুযায়ী ইউনিয়ন আহ্বায়করা পরবর্তী সম্মেলনে সভাপতি পদে প্রার্থী হতে পারবেন না— এমন নিয়ম থাকার পরও খোকন মনোনয়ন ফরম সংগ্রহ করেন এবং যাচাই—বাছাই শেষে তাঁকে প্রতীকও দেওয়া হয়। পরে জেলা বিএনপির নির্দেশনার পর উপজেলা বিএনপি তাকে প্রার্থিতা থেকে সরিয়ে দেয়। আগামী ১১ সেপ্টেম্বর পাইকুরাটি ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হবে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার