রোগীর মৃত্যু, নার্সের অবহেলাা অভিযোগ

প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর, ২০২৬ ২৩:১৯

জগন্নাথপুরে দায়িত্বরত নার্সের অবহেলা ও দায়িত্বহীনতায় ছায়ারুন নেছা (৪৫) নামের এক রোগীর মৃত্যুর অভিযোগ করেছেন স্বজনরা। ওই নারী উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চিলাউড়া মাঝপাড়া গ্রামের আব্দুস শহীদের স্ত্রী। রবিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে এ ঘটনাটি ঘটেছে।  

 


এ ঘটনায় নিহতের স্বজনদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হলে পরিস্থিতি উত্তেজিত হয়ে উঠে। পরে পুলিশ ঘন্টাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  
স্বাস্থ্য কেন্দ্রে ও নিহতের স্বজনদের সূত্রে জানা গেছে, রবিবার সন্ধ্যার দিকে জ্বর, শ্বাসকষ্ট ও ডায়রিয়াজনিত রোগে আক্রান্ত হয়ে ৫ সন্তানের জননী ছায়ারুন নেছা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি হন। রাত সাড়ে ৯টার দিকে রোগীর শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালের ওয়ার্ডের দায়িত্বরত নার্সদের একাধিকবার বিষয়টি জানানো হলেও তারা রোগীকে দেখতে আসেননি। এক পযার্য়ে ছায়ারুন নেছা মারা যান।  

 


ছায়ারুন নেছার স্বামী আব্দুস শহীদ বলেন, রোগীর শরীরে ইনজেকশন দেয়ার পর হঠাৎ করে তার শরীর শীতল হয়ে আসে। তাৎক্ষণিকভাবে আমি দায়িত্বপালনকারী ওয়ার্ডের নার্সকে বিষয়টি জানিয়ে রোগী দেখার জন্য অনুরোধ করি। কিন্তু তিনি আসেন নি। রোগীর অবস্থা আশঙ্কাজনক দেখে আমি কমপক্ষে ১০ বার নার্সের কাছে ছুটে গিয়ে আকুতি বিনতি করি রোগীকে দেখার জন্য, কিন্তু তিনি কোন কর্ণপাত করেন নি। তিনি অভিযোগ করে বলেন, নার্সের চরম অবহেলায় ও দায়িত্বহীনতায় চোখের সামনে আমার স্ত্রী মারা গেছেন। আমি এর বিচার চাই।  

 


নিহতের স্বজন আব্দুস সালাম বলেন, ওয়ার্ডের দায়িত্বরত দুই নার্সকে একাধিকবার রোগীর শারীরিক অবস্থার কথা বলার পরও তারা রোগীকে দেখতে আসেন নি। এটি দায়িত্বের চরম অবহেলা। আমরা তাদের বিচার দাবি করছি। 
তবে ওই ওয়ার্ডের দায়িত্বর নার্স জান্নাতুল ফেরদৌস এবং সানজিদা অভিযোগ অস্বীকার করে বলেন, দায়িত্বে কোন অবহেলা ছিল না। 

 


জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও (রেসিডেন্ট মেডিকেল অফিসার) ডা. বদরুদ্দোজা উজ্জ্বল বলেন, হাসপাতালে দায়িত্বরত কারও অবহেলায় রোগী মারা যান নি। তিনি বলেন, পাতলা পায়খানা বন্ধের জন্য রোগীকে একটি ইনজেকশন দেওয়ার কিছুসময় পর রোগীর কিছুটা অস্থিরতা শুরু হয়। এক পর্যায়ে তিনি মারা যান। আমরা প্রাথমিকভাবে ধারণ করছি, কার্ডিয়াক অ্যারেস্টে মৃত্যু হতে পারে। এ ধরণের ঘটনা সাধারণত ঘটতে পারে। রোগীর স্বজনদের অভিযোগ, ইনজেকশন দেওয়ার কারণে এটি হয়েছে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার