প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর, ২০২৬ ২৩:২৬
ছাতক বাজারে অভিযান
ছাতক বাজারে অবৈধ দখল ও সড়কে অনিয়মের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে ছাতক পৌরসভার উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
পৌর প্রশাসনের নির্দেশনায় পরিচালিত অভিযানে সড়ক পরিবহন আইন, ২০১৮ এবং স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর আওতায় মোট ১৪টি মামলা করা হয়। এসব মামলায় মোট ১৯ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এর মধ্যে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর আওতায় ৭টি মামলায় ৮ হাজার টাকা এবং স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর আওতায় ৭টি মামলায় ১১ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযান চলাকালে বাজারের বিভিন্ন সড়ক ও ফুটপাতের অবৈধ দখল এবং জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এমন স্থাপনা ও মালামাল সরিয়ে দেওয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোজাহিদুল ইসলাম।
অভিযান প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোজাহিদুল ইসলাম বলেন, সড়ক ও ফুটপাত দখল করে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং সড়কে অনিয়মের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে শহরকে যানজট ও অবৈধ দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ছাতক পৌরসভা কর্তৃপক্ষ জানিয়েছে, শহরের শৃঙ্খলা, পরিচ্ছন্নতা ও জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে অবৈধ দখল ও অনিয়মের বিরুদ্ধে অভিযান ধারাবাহিকভাবে অব্যাহত রাখা হবে।
উপজেলার খবর থেকে আরো পড়ুন