সড়ক দখলমুক্ত করতে অভিযান

প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর, ২০২৬ ২৩:২৫

যানজটে নাকাল সুনামগঞ্জ পৌর শহরের ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করেছে সুনামগঞ্জ পৌরসভা। সোমবার দিনব্যাপী শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সড়ক দখল করে গড়ে উঠা অবৈধ ব্যবসাপ্রতিষ্ঠান, সিএনজি স্ট্যান্ড, হকার ও ভ্রাম্যমাণ দোকানপাট উচ্ছেদ করা হয়। একই সঙ্গে লাইসেন্সবিহীন ব্যাটারিচালিত রিকশা ও অটোরিকশার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে।

 


অভিযানের সময় আলফাত স্কয়ারের চারপাশ, কালীবাড়ি, পুরাতন বাসস্ট্যান্ড ও থানার সামনের এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় ১৮ মামলায় ১৮ জনকে অভিযুক্ত করে মোট ৩১ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। পাশাপাশি সড়ক ও ফুটপাত দখল করে রাখা প্রায় দুই ট্রাক মালামাল জব্দ করা হয়।

 

 

 

 

 

 


অভিযানে স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯, দণ্ডবিধি ১৮৬০ এবং সড়ক পরিবহন আইন ২০১৮—এর বিভিন্ন ধারায় এসব মামলা ও জরিমানা করা হয়। অভিযানে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিবুর রহমান, পৌরসভার সহকারী প্রকৌশলী আশরাফুল ইসলাম কয়েস, জেলা ইজিবাইক সমিতির সভাপতি সোহেল আহমদ, সুনামগঞ্জ পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা সন্তোষ কুমার দাসসহ পৌরসভা ও ইজিবাইক সমিতির কর্মকর্তা ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অভিযানে শহরের বিভিন্ন সড়কের দুইপাশে গড়ে উঠা অবৈধ স্ট্যান্ড ও দোকানপাট সরিয়ে দেওয়া হয়।

 


সুনামগঞ্জ পৌরসভার প্রশাসক অসীম চন্দ্র বণিক বলেন, শহরের সড়কে চলাচলকারী অনিবন্ধিত ও লাইসেন্সবিহীন যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর আগে মাইকিং করে চালকদের সতর্ক করা হয়েছে। এরপর অভিযান চালিয়ে লাইসেন্সবিহীন বেশ কিছু যানবাহন আটক করা হয় এবং সেগুলোর বিরুদ্ধে আইনগত ও আর্থিক জরিমানার ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

 

 

 

 

 


পৌর প্রশাসক বলেন, শহরের বিভিন্ন স্থানে অবৈধ সিএনজি স্ট্যান্ড গড়ে উঠেছে। এসব স্ট্যান্ডের কারণে সড়কের জায়গা সংকুচিত হয়ে যানজট সৃষ্টি হচ্ছে। তাই অভিযান চালিয়ে এসব অবৈধ স্ট্যান্ডও অপসারণ করা হয়েছে।
সড়কের দুই পাশে মাছ ও সবজির বাজার ও ফুটপাতের দোকান বসার বিষয়ে তিনি বলেন, নির্ধারিত জায়গা থাকা সত্ত্বেও মাছ, সবজি ও ফলের দোকান মূল সড়কে চলে আসছে। এতে যান চলাচলে বাধা সৃষ্টি হচ্ছে। তাই এসব দোকান নির্ধারিত জায়গায় সরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

 


সবজি বাজারের অবকাঠামোগত উন্নয়ন প্রসঙ্গে অসীম চন্দ্র বণিক বলেন, বাজারের ভেতরের অবকাঠামোগত উন্নয়নের জন্য বরাদ্দ রাখা হয়েছে এবং কাজ চলছে। রাস্তায় সবজি বাজার বসতে না দিলে ব্যবসায়ীরা ধীরে ধীরে নির্ধারিত জায়গায় যেতে বাধ্য হবেন।

 


এ ক্ষেত্রে নাগরিকদের সহযোগিতা চেয়ে তিনিবলেন, নাগরিকরা রাস্তায় বসা দোকান থেকে কেনাকাটা করেন বলেই অনেক ব্যবসায়ী সড়কে বসার সুযোগ পান। তাই নাগরিকদেরও রাস্তায় বসা দোকান থেকে কেনাকাটা না করার আহ্বান জানান তিনি।

 


তিনি বলেন, পৌরসভার পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে শহরের চারটি পয়েন্টে পৌরসভার লোকজন দায়িত্ব পালন করছেন। গত কয়েকদিন ধরে মাইকিংয়ের মাধ্যমে চালকদের সতর্ক করা হয়েছে। এর ফলে শহরে যানজট অনেকটা কমেছে বলেও দাবি করেন তিনি।

 

 

 

 

 

 


তবে শুধু অভিযান পরিচালনা করে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয় বলে মনে করেন পৌর প্রশাসক। তিনি বলেন, উচ্ছেদ করা জায়গায় যাতে আবার দোকানপাট বা অবৈধ স্থাপনা গড়ে না ওঠে, সে জন্য পৌরসভার কর্মীদের নিয়মিত নজরদারিতে রাখা হবে। যেসব এলাকায় নিয়মিত যানজট সৃষ্টি হয়, বিশেষ করে বিকাল ৩টার পর থেকে সেসব এলাকায় পৌরসভা ও ট্রাফিক পুলিশ যৌথভাবে কাজ করবে। নির্ধারিত সময়ে যাতে সড়কের ওপর নতুন করে দোকানপাট না বসে, সে বিষয়েও নিয়মিত মনিটরিং করা হবে। পৌর প্রশাসক আরও বলেন, শহরকে যানজট ও দখলমুক্ত রাখার কার্যক্রম একটি ধারাবাহিক প্রক্রিয়া। উচ্ছেদ করা জায়গায় কেউ পুনরায় বসলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে পৌরসভার কর্মীদের স্থায়ীভাবে দায়িত্ব দিয়ে ওই স্থানগুলোতে নজরদারি করা হবে।

 


পৌরসভার এ অভিযানে স্থানীয়দের মধ্যে স্বস্তি দেখা গেছে। পথচারীরা বলেছেন, শহরের প্রধান সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখা গেলে যান চলাচল স্বাভাবিক হওয়ার পাশাপাশি পথচারীদের চলাচলেও স্বস্তি ফিরবে।
এদিকে রাত ৮টা পর্যন্ত সরেজমিনে থেকে অভিযান তদারকি করেন সুনামগঞ্জ পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক অসীম চন্দ্র বণিক। তিনি বলেন, অবৈধ স্ট্যান্ডটি অপসারণ করা হয়েছে। পুনরায় যাতে সেখানে স্ট্যান্ড বসতে না পারে, সেজন্য পৌরসভার কর্মীদের স্থায়ীভাবে দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি লাইসেন্সবিহীন যানবাহনের বিরুদ্ধে জরিমানা ও অন্যান্য ব্যবস্থা নেওয়া হচ্ছে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার