প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর, ২০২৬ ২২:৩২
মধ্যনগর থানায় দায়ের করা একটি ‘রাজনৈতিক’ মামলায় একজন সংবাদকর্মীকে আসামি করা হয়েছে। ওই সংবাদকর্মী যাতে হয়রানি বা অন্যায় আচরণের শিকার না হন এবং মামলটির তদন্তে যেন পুলিশ যথাযথ পেশাদারিত্ব বজায় রাখে এই আহবান জানিয়েছেন সুনামগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দ।
মঙ্গলবার বিকালে সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি পঙ্কজ কান্তি দে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ আর জুয়েল এক বিবৃতিতে এই আহবান জানান।
বিবৃতিতে উল্লেখ করা হয়, সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক সংগঠনের কর্মীদের মিছিল দেওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট থানায় গত ৩১ আগস্ট একটি মামলা হয়েছে। স্থানীয় একজন ব্যক্তি মামলার বাদী। মামলার আসামির তালিকায় ৪৮ জনের নাম রয়েছে। এই তালিকায় ১৬ নম্বর ক্রমিকে জেলার তাহিরপুর উপজেলায় কর্মরত বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন আরটিভি'র ডিজিটাল প্রতিনিধি সাংবাদিক শওকত হাসান সৈকতের নাম রয়েছে।
প্রেসক্লাব নেতৃত্ববৃন্দ বিবৃতিতে বলেন, শওকত হাসান বর্তমানে কোনো রাজনীতিতে সম্পৃক্ত নন। তিনি সাংবাদিকতা নিয়েই ব্যস্ত। তাহিরপুর উপজেলায় দীর্ঘদিন ধরে বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধির দায়িত্ব পালন করে আসছেন। একটি রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে দায়ের করা মামলায় একজন সংবাদকর্মীকে আসামি করায় আমরা উদ্বিগ্ন। শুধুমাত্র হয়রানির উদ্দেশ্যে কাউকে মামলায় জড়ানো অনভিপ্রেত।
আমরা আশা করছি, পুলিশ মামলাটির তদন্তে নিরপেক্ষ, পেশাদার ও দায়িত্বশীল ভূমিকা পালন করবে।
উপজেলার খবর থেকে আরো পড়ুন