প্রতি জেলায় প্রতিবন্ধীদের জন্য ‘মডেল স্কুৃল’ হবে

প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর, ২০২৬ ২৩:৩৪

দেশের প্রতিটি জেলায় অন্তত একটি করে ‘মডেল প্রতিবন্ধী স্কুল’ এবং উপজেলার প্রতিবন্ধীদের সংখ্যার ওপর ভিত্তি করে বিশেষায়িত স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার। পর্যায়ক্রমে এই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে সমাজকল্যাণ মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন এমপি সুনামগঞ্জ—১ আসনের সংসদ সদস্য ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য কামরুজ্জামান কামরুরের তারকা চিহ্নিত প্রশ্ন ও সম্পূরক প্রশ্নের জবাবে এই তথ্য জানান।

 


এর আগে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে বিকেল ৩টা ৩৩ মিনিটে সংসদের তৃতীয় অধিবেশন পুনরায় শুরু হয়। অধিবেশনে দিনের কার্যসূচির শুরুতেই প্রশ্নোত্তর পর্বে সুনামগঞ্জ—১ আসনের সংসদ সদস্য ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য কামরুজ্জামান কামরুল তারকা চিহ্নিত প্রশ্ন নং—৭৩৯ উত্থাপন করেন।
সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল বলেন, দেশে মোট কতগুলো প্রতিবন্ধী বিদ্যালয় আছে এবং এর মধ্যে কতগুলো এমপিওভুক্ত? বর্তমানে উপজেলা ও জেলা পর্যায়ে প্রতিবন্ধী বিদ্যালয় প্রতিষ্ঠা করার কোনো উদ্যোগ সরকারের পক্ষ থেকে রয়েছে কিনা?

 


প্রশ্নের জবাবে সমাজকল্যাণ মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন জানান, বর্তমানে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের মাধ্যমে সরকারি অর্থায়নে ৭৫টি প্রতিবন্ধী বিদ্যালয় এবং ১২টি ‘স্পেশাল স্কুল ফর চিলড্রেন উইথ অটিজম’ বিদ্যালয় চালু রয়েছে। এর মধ্যে এমপিওভুক্ত বিদ্যালয়ের সংখ্যা ৭৫টি। তিনি আরও জানান, প্রতিবন্ধিতা সম্পর্কিত সমন্বিত বিশেষ শিক্ষানীতিমালা—২০১৯ অনুযায়ী দেশের সকল জেলায় প্রতিবন্ধী বিদ্যালয় স্থাপনের পরিকল্পনা সরকারের রয়েছে।

 


পরবর্তীতে সম্পূরক প্রশ্ন উত্থাপন করে কামরুজ্জামান কামরুল এমপি বলেন, আমাদের সরকার মানবিক সরকার। প্রধানমন্ত্রী তৃণমূল ও অসহায় মানুষকে বেশি প্রাধান্য দেন। সেই প্রেক্ষিতে প্রতিটি উপজেলায় যেন অন্তত একটি প্রতিবন্ধী স্কুল স্থাপন করে অসহায় মানুষের পাশে দাঁড়ানো যায়, সেরকম কোনো উদ্যোগ নেওয়া হবে কিনা?

 


সম্পূরক প্রশ্নের জবাবে সমাজকল্যাণ মন্ত্রী জানান, বর্তমানে দেশের ৪০টি জেলায় এ ধরনের ৭৫টি স্কুল সক্রিয় রয়েছে। সরকারের নীতিগত সিদ্ধান্তের কথা জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের প্রতিটি জেলায় একটি করে ‘মডেল প্রতিবন্ধী স্কুল’ স্থাপন করা হবে। এছাড়া প্রতিটি উপজেলায় প্রতিবন্ধী জনসংখ্যার ওপর ভিত্তি করে তাদের জন্য বিশেষ ধরনের প্রতিবন্ধী স্কুল করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যা পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার