জলমহালে মাছ লুট

প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর, ২০২৬ ২৩:২৭

দিরাই উপজেলার হাতনি গ্রুপের জলমহাল থেকে দুই দফায় ধারাবাহিকভাবে প্রায় দেড় কোটি টাকার মাছ লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জলমহালের মূল ইজারাদার ‘হাতনি জয়পুর মৎস্যজীবী সমবায় সমিতি’ চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছে।

 


মঙ্গলবার দুপুরে দিরাই উপজেলা প্রশাসনিক ভবনের ফটকে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন সমিতির নেতারা।

 


সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, গত ৮ আগস্ট এবং ২ সেপ্টেম্বর শাল্লা উপজেলার আটগাঁও, সোনাকানি, মির্জাপুর ও নিজগাঁওসহ আশপাশের বিভিন্ন গ্রামের দুই শতাধিক লোক সংঘবদ্ধ হয়ে ৩০ থেকে ৪০টি নৌকায় করে হাতনি জলমহালে অনধিকার প্রবেশ করেন। এ সময় তারা কোনা জাল, কারেন্ট জাল ও সুতার জাল ব্যবহার করে জোরপূর্বক বিপুল পরিমাণ মাছ ধরে নিয়ে যায়।
সমিতির সাধারণ সম্পাদক বিকাশ রঞ্জন দাস বলেন, ৮ আগস্ট ও ২ সেপ্টেম্বর—দুই দফায় হামলাকারীরা দেশীয় অস্ত্র প্রদর্শন করে আমাদের পাহারাদার ও লোকজনকে ভয়ভীতি দেখায়। তারা আনুমানিক দেড় কোটি টাকার বিভিন্ন প্রজাতির মাছ লুট করে নিয়ে গেছে।

 


তিনি বলেন, হাতনি জলমহালটি ছয় বছর মেয়াদে সরকারি খাস জলমহাল হিসেবে ইজারা নেওয়া হয়েছে। নিয়ম অনুযায়ী মৎস্যসম্পদ সংরক্ষণ ও আহরণ করা হলেও বারবার মাছ লুটের কারণে আর্থিকভাবে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছি। এতে প্রতিবছর কোটি টাকার বেশি খাজনা পরিশোধ করাও কঠিন হয়ে পড়েছে বলে জানান তিনি।

 


সমিতির নেতারা অভিযোগ করেন, কারেন্ট জাল ও কোনা জালের অবাধ ব্যবহারে বড় মাছের পাশাপাশি বিপুল পরিমাণ পোনা মাছও ধরা পড়ছে। এতে জলমহালের মাছের প্রজনন ও মৎস্যসম্পদ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আবারও মাছ লুটের আশঙ্কায় প্রকৃত ইজারাদার ও মৎস্যজীবীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

 


দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজীব সরকার বলেন, মাছ লুটের অভিযোগ এনে সমিতির পক্ষ থেকে দিরাই ও শাল্লা থানায় পৃথক লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বিষয়টি নিয়ে শাল্লা ইউএনওর সঙ্গেও কথা হয়েছে। তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 


সংবাদ সম্মেলন থেকে জলমহাল থেকে মাছ লুটের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ, জলমহালের নিরাপত্তা নিশ্চিত করা এবং সরকারি রাজস্ব রক্ষায় প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার