প্রকাশিত: ১০ সেপ্টেম্বর, ২০২৬ ২১:৫৬
তাহিরপুরে ৪৫ বোতল বিদেশী মদসহ মো. নজরুল ইসলাম (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব—৯।
বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে তাহিরপুর থানার উত্তর বড়দল ইউনিয়নের মানিগাঁও এলাকায় বাদাঘাট বাজারগামী কাঁচা রাস্তা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত নজরুল ইসলাম তাহিরপুর উপজেলার মাহরাম গ্রামের মৃত কালা মিয়ার ছেলে।
র্যাব জানায়, র্যাব—৯, সিপিসি—৩ (সুনামগঞ্জ ক্যাম্প)—এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, মানিগাঁও এলাকায় কাঁচা রাস্তার ওপর কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়—বিক্রয়ের জন্য অবস্থান করছে। খবর পেয়ে র্যাব সদস্যেরা ঘটনাস্থলে পৌঁছালে মাথায় প্লাস্টিকের বস্তা নিয়ে পালানোর চেষ্টাকালে নজরুলকে আটক করা হয়। পরে তার সাথে থাকা বস্তা তল্লাশি করে ৪৫ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ব্যক্তি জানায়, সে সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে এসব বিদেশী মদ সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিল।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিলেট র্যাব—৯—এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮—এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে তাহিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
উপজেলার খবর থেকে আরো পড়ুন