প্রকাশিত: ১১ সেপ্টেম্বর, ২০২৬ ২২:৪৯
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শুক্রবার রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস শান্তিগঞ্জস্থ সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের সামনের সড়কে অবস্থান নিয়ে তারা এই অবরোধ কর্মসূচি শুরু করেন।
স্থানীয় সূত্র জানায়, দিরাই রাস্তা মোড় সংলগ্ন সুনামগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের মাঠে একই সময়ে খেলাধুলা করতে আসেন স্থানীয় কিছু শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একই জায়গায় খেলা নিয়ে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয় এবং একপর্যায়ে তা মারামারিতে রূপ নেয়। এরই জের ধরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একত্রিত হয়ে ক্যাম্পাসের সামনের আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে অবস্থান করছেন। এতে সড়কের দুই পাশে যান চলাচলের কিছুটা ব্যাঘাত ঘটছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় প্রশাসন ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউল্লাহ জানান, আমাদের পুলিশ সদস্যরা বর্তমানে ঘটনাস্থলে রয়েছেন। শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক অবরোধ তুলে দেওয়ার চেষ্টা চলছে।
উপজেলার খবর থেকে আরো পড়ুন