কান্না আর ভালোবাসায় শেষ বিদায়

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর, ২০২৬ ২২:৫৯

শায়খে কাতিয়ার বড় সাহেবজাদা মাওলানা ইমদাদুল্লাহ’র জানাজায় মানুষের ঢল

জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের ঐতিহ্যবাহী জামেয়া ইসলামিয়া দারুল উলুম অলইতলী ও কাতিয়া মাদরাসার প্রবীণ মুহতামিম, প্রখ্যাত বুজুর্গ আলেম শায়খে কাতিয়া হযরত মাওলানা আমিন উদ্দীন (রহ.)—এর বড় সাহেবজাদা হাফেজ মাওলানা ইমদাদুল্লাহ আমিনীর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।

 


শনিবার বেলা ১১টায় ঐতিহাসিক কাতিয়া মাদরাসা প্রাঙ্গণে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন মরহুমের ছোট ভাই, শায়খে কাতিয়া (রহ.)—এর তৃতীয় সাহেবজাদা কানাডা প্রবাসী মাওলানা ইউসুফ আমিনী। জানাজা শেষে মাদরাসার পশ্চিম পাশে অবস্থিত পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়।


এর আগে বিশিষ্ট এই আলেমকে শেষ বিদায় জানাতে বৃহত্তর সিলেট অঞ্চলসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ওলামায়ে কেরাম ও সর্বস্তরের হাজার হাজার শোকাহত ধর্মপ্রাণ মানুষ কাতিয়া মাদরাসা প্রাঙ্গণে এসে উপস্থিত হয়ে জানাজায় অংশ নেন।

 

 

 

শায়খে কাতিয়ার বড় সাহেবজাদা মাওলানা ইমদাদুল্লাহ’র জানাজায় মানুষের ঢল

 

 

 


জানাজায় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ—৩ (জগন্নাথপুর—শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ, শান্তিগঞ্জের জামেয়া ইসলামিয়া দারুল উলূম দরগাহপুর মাদরাসার প্রিন্সিপাল মাওলানা নুরুল ইসলাম খানছাব হুজুর, জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হোরায়রা ছাদ, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম. এ. মুকিত, সিলেট জজ কোর্টের এপিপি অ্যাডভোকেট ইয়াসীন খানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 


জানাজার পূর্বে মরহুমের কর্মময় জীবনের ওপর সংক্ষিপ্ত আলোকপাত করে বক্তারা বলেন, দেশবরেণ্য আলেম শায়খে কাতিয়া (রহ.)—এর ইলমি ও আধ্যাত্মিক যোগ্য উত্তরসূরি হিসেবে হাফেজ মাওলানা ইমদাদুল্লাহ আমিনী মৃত্যুর আগ পর্যন্ত কাতিয়া মাদরাসার মুহতামিম হিসেবে অত্যন্ত নিষ্ঠা ও সফলতার সাথে দায়িত্ব পালন করে আসছিলেন। তাঁর বলিষ্ঠ নেতৃত্বে অত্র অঞ্চলের দ্বীনি শিক্ষা ও সামাজিক সংস্কারের ক্ষেত্রে বৈপ্লবিক উন্নয়ন সাধিত হয়। তিনি তাঁর বাবার প্রদর্শিত পথে অপসংস্কৃতি ও ইসলাম বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে সর্বদা প্রতিবাদী ও সোচ্চার ছিলেন। ইসলামী মূল্যবোধে আলোকিত সমাজ গঠনে তিনি অগ্রণী ভূমিকা পালন করে গেছেন। তাঁর এই স্থায়ী বিদায়ে পুরো সিলেট বিভাগের আলেম সমাজ ও ধর্মপ্রাণ মানুষের মধ্যে এক অপূরণীয় শূন্যতা ও শোকের আবহ বিরাজ করছে। বক্তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

 


সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য দেন শান্তিগঞ্জের জামেয়া ইসলামিয়া দারুল উলূম দরগাহপুর মাদরাসার প্রিন্সিপাল মাওলানা নুরুল ইসলাম খানছাব হুজুর, মাওলানা ইউসুফ আমিনী, জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হোরায়রা ছাদ, অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহীন প্রমুখ।

 


উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত আড়াইটার দিকে সিলেট নগরীর আল—হারামাইন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হাফেজ মাওলানা হাজী ইমদাদুল্লাহ আমিনী (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ও ৪ মেয়েসহ দেশ—বিদেশে অসংখ্য গুণগ্রাহী, ছাত্র ও আত্মীয়—স্বজন রেখে গেছেন।

 


জানা গেছে, সম্প্রতি পবিত্র ওমরাহ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফেরার পরই তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। প্রায় দুই সপ্তাহ আগে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে সিলেটের আল—হারামাইন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (ওঈট) চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার